৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ছেলে সৌম্যদীপ ঘোষ


৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ছেলে সৌম্যদীপ ঘোষ

১৪ মে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রত্যন্ত মালগ্রাম জুড়ে নেমেছে আনন্দের জোয়ার। গ্রামেরই ছেলে সৌম্যদীপ ঘোষ উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছে। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৯০। সৌম্যদীপের বাবা সত্যেন্দ্রনাথ ঘোষ পেশায় চাষি এবং মা সোমা ঘোষ গৃহবধূ। আর্থিকভাবে সাধারণ পরিবার হলেও ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল সৌম্যদীপ। গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশোনা করে।
এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও সে ৬৫২ নম্বর পেয়ে কৃতিত্বের পরিচয় দিয়েছিল। এবার উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় সপ্তম স্থান অর্জন করে নতুন সাফল্যের নজির গড়েছে সে। ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করাই সৌম্যদীপের লক্ষ্য। নিজের এই সাফল্যের পিছনে সে সবচেয়ে বেশি কৃতিত্ব দিয়েছে তার দাদুকে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা, বন্ধু-বান্ধব এবং গ্রামের মানুষের উৎসাহ ও সহযোগিতার কথাও উল্লেখ করেছে সে। সৌম্যদীপের এই সাফল্যে খুশির হাওয়া গোটা মালগ্রাম জুড়ে। প্রতিবেশী থেকে আত্মীয়-স্বজন সকলেই শুভেচ্ছা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তাকে। গ্রামের সাধারণ পরিবারের ছেলে হয়েও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে যে বড় সাফল্য অর্জন করা যায়, সৌম্যদীপ তারই উজ্জ্বল উদাহরণ বলা যায়।