রাজ্যে উচ্চমাধ্যমিকে তৃতীয় বর্ধমানের সৌম্য রায়
প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকা অনুযায়ী এবার রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বর্ধমানের ছেলে সৌম্য রায়। এই শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের তেলমারুই পাড়ায় সৌম্যের বাড়ি। তবে সৌম্য পড়াশুনা করতো দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। এবারে তার প্রাপ্ত নম্বর ৪৯৪। তার বাবা শ্যামল রায় পোস্ট অফিস ও এলআইসির এজেন্টের কাজে যুক্ত আছেন। মা পার্বতী রায় হলেন গৃহবধূ। জানা গেছে, সৌম্য ছোট থেকেই নিজের পড়াশুনার প্রতি খুবই সিরিয়াস ছিল। সারা দিনই সে বই পড়া নিয়ে ব্যস্ত থাকতো। সৌম্য জানিয়েছে, তার এই সাফল্যের পিছনে রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং সেখানকার শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো গৃহশিক্ষক ছাড়াই সৌম্যের এই ফলাফল অবশ্যই একটা দৃষ্টান্ত বলা যায়। আগামী দিনে সৌম্য ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। লেখাপড়ার পাশাপাশি গল্পের বই পড়ার ক্ষেত্রেও তার আগ্রহ রয়েছে।
বিগত দিনে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি নিয়ে তাকে প্রশ্ন করা হলে সৌম্য জানায়, এটা কাম্য নয়। যেকোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষা ব্যবস্থাকে যথাযথ জায়গায় রাখা উচিত। মেডিকেলে নিট পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের যে বিষয়টি সামনে এসেছে তা নিয়েও সৌম্য চিন্তিত। তার কথায় শিক্ষার সার্বিক ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত জরুরি।


