কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন I তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন I বর্ধমানের দুটি অনুষ্ঠানে অংশ নিলেন সৌরভ গাঙ্গুলী I আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাতেখড়ি অনুষ্ঠান

1
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে শিক্ষক দীপ্তসুন্দর মুখোপাধ্যায় বলেন, ভাষা সংস্কৃতির বাহন, আর জাতিসত্তার বিকাশেই ভাষার গৌরব প্রকাশ পায়।

প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, ১৯৪৮ সালে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানে বাংলা ভাষার পক্ষে প্রথম আওয়াজ তোলেন, যা পরে আন্দোলনে রূপ নেয় এবং বাংলাদেশে বাংলা মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পায়।

ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের “আমি বাংলায় গান গাই” পরিবেশিত হয়, যার পরিচালনায় ছিলেন শিক্ষিকা সুনীতা সাহা। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়।

2
তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। বর্ধমান সিধু কানহু প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রাণী এ, বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারী সভাধিপতি গার্গী নাহা ও অন্যান্যরা। রাজ্য সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করি। মাতৃভাষার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, যা প্রতিফলিত হয় আমাদের দৈনন্দিন জীবনে।

মোহাম্মদ ইসমাইল বলেন, এটি মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের দিন, যা প্রতিটি বাঙালির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

3
বর্ধমানের দুটি অনুষ্ঠানে অংশ নিলেন সৌরভ গাঙ্গুলী

বর্ধমান শহরে দুটি অনুষ্ঠানে যোগ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত লিডারশিপ শীর্ষক আলোচনাচক্রে অংশ নেন এবং ছাত্র-ছাত্রীদের সঙ্গে খোলামেলা আড্ডা দেন। তিনি বলেন, আন্তরিকতা ও পরিশ্রম থাকলে সাফল্য নিশ্চিত।

পরে তিনি বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। রাধারাণী স্টেডিয়ামে সৌরভ বলেন, প্রকৃত প্রতিভাকে দমিয়ে রাখা যায় না, প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি বিশ্বাস রাখতে হবে। সৌরভকে দেখার জন্য স্টেডিয়ামে বিপুল জনসমাগম হয়।

4
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাতেখড়ি অনুষ্ঠান

বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের পক্ষ থেকে ২১ ফেব্রুয়ারি সকালে এলাকার বস্তিবাসী সমস্ত শিশু ভাই-বোন এবং সংস্থার ভাই-বোনদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই দিন শিশুদের নিয়ে হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। তৎসহ তাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শিশু শ্রেনী থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণ লিখন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে হস্তলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। পরবর্তী ধাপে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করে বর্ধমান ফিজিকাল কালচারাল সেন্টার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মজুমদার, সৌমেন গাঙ্গুলী, শুভঙ্কর দে, অভিভাবিকা প্রিয়াংকা দাস ,স্বপ্না সামন্ত প্রমুখ। সমস্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন সংস্থার মুখ্য উপদেষ্টা প্রদীপ মালিক। একঝাঁক শিশুর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।