1
আলো ও রাস্তা তৈরী প্রকল্পের শিলান্যাস করলেন সাংসদ কীর্তি আজাদ*
বর্ধমান শহরে আলো ও রাস্তা নির্মাণের জন্য এমপি উন্নয়ন তহবিল থেকে অর্থ প্রদান করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। ২১ ফেব্রুয়ারি তিনি এই দুই প্রকল্পের শিলান্যাস করেন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।
বিধায়ক খোকন দাস জানান, সাংসদ উন্নয়ন তহবিল থেকে ৪৪ লক্ষ ২২ হাজার টাকায় দুটি প্রকল্পের শিলান্যাস হয়েছে। একটি হলো রাজ কলেজ মোড় থেকে বর্ধমান রাজ কলেজ পর্যন্ত লাইট স্থাপন এবং অন্যটি বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় পাল বিল্ডিং থেকে চার্ঢ পর্যন্ত রাস্তা নির্মাণ। তিনি জানান, কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
সাংসদ কীর্তি আজাদ বলেন, “রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে, বর্ধমানও তার অংশ। এই প্রথম সাংসদ তহবিল থেকে বর্ধমানে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করলাম। সকল বর্ধমানবাসীকে অভিনন্দন জানাই এবং বিধায়ক খোকন দাসকে ধন্যবাদ জানাই।
2
*মূক ও বধির ছাত্রছাত্রীদের নিয়ে মাতৃভাষা দিবসে বিশেষ উদ্যোগ*
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বিশেষ উদ্যোগ নেয়। আলিশায় ডাঃ শৈলেন্দ্রনাথ মুখার্জী মূক বধির স্কুলে শতাধিক ছাত্রছাত্রীকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয়।
শিশুরা রঙ তুলির মাধ্যমে মনের ভাষা প্রকাশ করে। প্রধান শিক্ষিকা স্তুতি দেবী বলেন, “এমন আয়োজন বাচ্চাদের জন্য উপকারী।” সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, মোবাইলের দাপটে হারিয়ে যাওয়া চোখের ভাষাকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। প্রতিটি বাচ্চাকে উপহার দেওয়া হয়, আর ১২ জনকে পুরস্কৃত করা হয়।
3
১ মার্চ অনুষ্ঠিত হবে “রান ফর রাঢ়” মিনি ম্যারাথন
পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী পরিবেশের বার্তা ছড়িয়ে দিতে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমানে “রান ফর রাঢ়” মিনি-ম্যারাথন অনুষ্ঠিত হবে ১লা মার্চ। সকাল ৭টায় তিনকোনিয়া থেকে শুরু হওয়া এই ৫ কিলোমিটার দৌড়ে কোনো নিবন্ধন মূল্য নেই।
আয়োজকদের পক্ষ থেকে পার্থপ্রতিম মিত্র জানান, রাঢ় অঞ্চলের দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। প্রতিযোগীদের জন্য বিশেষ জার্সি, টিফিন, মেডিকেল সহায়তা, পদক ও সার্টিফিকেটের ব্যবস্থা থাকবে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে (যোগাযোগ: ৮২৫০৯৮৭০৭০)। ভবিষ্যতে রাঢ় অঞ্চলের বিভিন্ন জেলাতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।
4
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ভাষা দিবস উদযাপন*
পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা তথ্য-সংস্কৃতি দপ্তর ও মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। এদিন প্রভাতফেরী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার জানান, অত্যন্ত আন্তরিকভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অপর্ণা চ্যাটার্জী, নাট্য ব্যক্তিত্ব অকৌতব মৈত্র, তথ্য-সংস্কৃতি দপ্তরের আধিকারিক অসিত ঘোষাল, কৃষ্ণকান্ত কীর্তনীয়া প্রমুখ। অভিভাবক, ছাত্র-শিক্ষক মিলে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
5
ভাষা দিবসে প্রতুল মুখোপাধ্যায়কে স্মরণ
২১ ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে এক বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হয়, যা টাউন হল থেকে রাজবাটি উত্তর ফটক পর্যন্ত যায়।
পদযাত্রা শেষে সদ্যপ্রয়াত প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় সাংসদ কীর্তি আজাদ, বিধায়ক খোকন দাস, শহর তৃণমূল সভাপতি তন্ময় সিংহ রায়, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।


