বর্ধমানের দুই বিশিষ্ট নাগরিকের কংগ্রেসে যোগদান
জাতীয় কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাসিন্দা পেশায় চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস কোনার। ২০ ফেব্রুয়ারি তারা কলকাতায় প্রদেশ কংগ্রেসের রাজ্য সদর দপ্তরে উপস্থিত হয়ে কংগ্রেসে যোগদান করেন। তাদের এই যোগদান পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক আশরাফ আলী খান সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্ববর্গ। এছাড়াও এদিন পূর্ব বর্ধমান জেলা থেকে আরও অনেকেই বিভিন্ন দল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিন তাদের যোগদান পর্বে প্রত্যেকের নামই ঘোষণা করেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, এরা প্রত্যেকেই জাতীয় কংগ্রেসের নীতি ও আদর্শের প্রতি আস্থা জ্ঞাপন করে এই দলে যোগদান করছেন। এরা ইতিপূর্বে জাতীয় কংগ্রেসে যোগদানের জন্য আবেদন করেছিলেন। দলের যে নীতি নির্ধারক কমিটি রয়েছে তারা সব দিক বিবেচনা করে এদের কংগ্রেসে যোগদানের বিষয়টি অনুমোদন করেছেন। এরা প্রত্যেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর প্রতিও আস্থা জ্ঞাপন করেছেন। আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করার অঙ্গীকারে আবদ্ধ থেকে তারা কংগ্রেসের বিভিন্ন কর্মসূচীকে সফল করে তোলার জন্য সক্রিয় থাকবেন। এদিন কংগ্রেসে যোগদান করার পর শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমার জাতীয় কংগ্রেসে যোগদান করা। আমি খুবই আনন্দিত ভারতের সর্বাধিক প্রাচীন একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে নিজেকে পরিচিত করতে পেরে। জাতীয় কংগ্রেসের নীতি ও আদর্শ মেনেই আমি আগামী দিনে পথ চলবো।


