শিশু দিবসের তাৎপর্য তুলে ধরা হলো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে

 

 

১৪ নভেম্বর জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে এই দিনটি সারা দেশজুড়ে শিশু দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবার পূর্ব বর্ধমানের কালনা মহকুমার পূর্বস্থলী ব্লকের মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দৈনন্দিন পঠন-পাঠনের বাইরে বিদ্যালয়ে পাঠরত শিশুদের সামগ্রিক বিকাশের দিকটি চিন্তা করে তাদের নিয়ে প্রভাত ফেরী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছিল নাচ, গান, নাটক, আবৃত্তির পাশাপাশি যেমন খুশি সাজো। এদিন সামাজিক মূল্যবোধের বিষয়টিকে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরার জন্য এটি অভিনব আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র-ছাত্রীদের নিজস্ব টিফিনের খরচা অর্থাৎ তাদের জমানো পয়সা দিয়েই স্থানীয় দুঃস্থ মানুষদের মধ্যে ফল বিতরণের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন, এই ধরনের আয়োজনের মূল লক্ষ্য হলো খুব ছোট থেকে শিশুদের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর অভ্যাস গড়ে তোলা। শৈশব থেকে তাদের মধ্যে এই বোধ তৈরী করতে পারলে, তারা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবে। মানবিক মূল্যবোধে নিজেদের জীবনকেও সমৃদ্ধ করতে পারবে। তাদের এই উদ্যোগকে কার্যকর করার ক্ষেত্রে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়েছিল। যার মধ্যে ছিল লক্ষ্য দৌড়, বস্তা দৌড়, বন্ধন মুক্তি দৌড়, টায়ার দৌড়, ব্যাঙ দৌড়, চকলেট দৌড়, নাম দৌড় ইত্যাদি। ছাত্র-ছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই আনন্দ প্রকাশ করে। তারা প্রতিবছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হয়।