বর্ধমান পৌর উৎসব ২০২৪ শুরু ২১ ডিসেম্বর
প্রতি বছরের মতো এ বছরও বর্ধমান পৌর উৎসব অনুষ্ঠিত হবে স্থানীয় উৎসব ময়দানে। আগামী ২১ ডিসেম্বর বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হবে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। ১৮ ডিসেম্বর পৌরসভার কনফারেন্স হলে এক সাংবাদিক সভায় পরেশবাবু বলেন, ইতিপূর্বে বর্ধমান টাউন হলে শহরের নাগরিকদের নিয়ে সভার আয়োজনের মধ্যে দিয়ে এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল। বেশ কিছু সাব কমিটিও গঠন করা হয়। এই কমিটির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় ও পৌরকর্মীদের সহযোগিতায় উৎসবের প্রারম্ভিক অংশ হিসেবে নানান ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরেশ সরকার বলেন, ২১ ডিসেম্বর বিকেল তিনটেয় বর্ধমান পৌর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মন্ত্রী সুজিত বসু। উপস্থিত থাকবেন আর এক মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার কাউন্সিলরবৃন্দ। থাকবেন শহরের বিশিষ্টজনেরা। চেয়ারম্যান বলেন, এবারে বর্ধমান পৌর উৎসবের বাজেট ৬৩ লক্ষ টাকা। গ্রামীণ মেলা সহ মেলায় অন্যান্য স্টল ও বিনোদনমূলক পার্ক থাকবে। মোট স্টল হবে ২৫০ টি। ২৯ ডিসেম্বর দুপুরে পৌর উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। এবারের পৌর উৎসবে বর্ধমানের সেরা তিনজন ব্যক্তিত্বকে বর্ধমানিয়া সম্মানে ভূষিত করা হবে। উৎসবের বিভিন্ন দিন সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। (পজ্ )
বিধায়ক খোকন দাস বলেন, এই উৎসবকে কেন্দ্র করে বর্ধমানবাসীর একটা বিশাল চাহিদা রয়েছে। শহরের প্রতিটি মানুষই বর্ধমান পৌর উৎসবের প্রতীক্ষায় থাকেন। উৎসবের কটা দিন তারা এই প্রাঙ্গণে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। উৎসবের সাংস্কৃতিক অংশে বাংলা গান প্রাধান্য পায় এবারের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। এটাও একটা বড় প্রাপ্তি নবীন প্রজন্মের শিল্পীদের কাছে। এই উৎসবের সাফল্য কামনা করেন বিধায়ক। (পজ্)
উল্লেখ্য, এবারে বর্ধমান উৎসবের থিম হলো *রাঢ়বঙ্গের রূপকথা / বর্ধমানের যশোগাথা”। চেয়ারম্যান বলেন, বর্ধমান শহর হলো সর্বধর্ম সমন্বয়ের শহর। আমরা শহরের সেই বৈশিষ্ট্যকে সুরক্ষিত রাখতে চাই। এদিনের সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্যবৃন্দ ও অন্যান্য কাউন্সিলররা।


