তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে ২৭০ টি আসন পাবে, দাবি অপার্থিবর
২০২৬ সালে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বর্ধমান শহরের লাগোয়া খন্ডঘোষ ব্লকে কেমন প্রস্তুতি নিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে আমরা মতামত জানতে চেয়েছিলাম খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের। তিনি বলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই এই রাজ্যে ২৬০ থেকে ২৭০ টি বিধানসভা আসনে জয়লাভ করবে। কারণ তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা ভোট পাখির মতো আচরণ করে না। পরিযায়ী পাখির মতো শুধুমাত্র ভোটের সময় এসে মানুষের দুয়ারে উপস্থিত হয় না। এই দলের সামাজিক, রাজনৈতিক ও দলীয় বিভিন্ন কর্মসূচী সারা বছর ধরে চলে। আমরা একদিকে যেমন রক্তদান শিবিরের আয়োজন করি, তেমনই খেলা, মেলা, দুর্গোৎসব, কালীপুজো, ঈদ, মহরম, ছট পুজো এই সবকিছু সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত রয়েছি। সুতরাং এককথায় বলা যায় তৃণমূল কংগ্রেস দলটা হলো সামাজিক দল। যারা সারা বছর সমাজের বিভিন্ন কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখে। অপার্থিব বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সামাজিক কর্মসূচীর উপরে জোর দিয়েছেন। তারা নিজেরাও সারা বছরই নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। অপার্থিব বলেন, আমরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সামাজিক কর্মযজ্ঞ পালন করে থাকি। এর ফলে ভোট আসলে যে আলাদা করে কোনো প্রস্তুতি তা আমাদের দলকে নিতে হয় না। আমরা শুধুমাত্র ভোটের সময় দেওয়াল লিখনে প্রার্থীর নামটা লিখে দিই, আর তার হয়ে প্রচারের জন্য কিছু মিছিল-মিটিং করি। বাকি যে যোগসূত্র তা আমাদের সারা বছরই থাকে মানুষের সঙ্গে। ফলে মানুষ জানেন সারা বছর কারা তাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাই প্রতিটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় ক্রমশ সুনিশ্চিত হয়েছে। অপার্থিব ইসলাম বলেন, ২০২৬ এর নির্বাচনেও আমাদের জয় সুনিশ্চিত রয়েছে। আমরা সবরকম ভাবে প্রস্তুত রয়েছি


