জামালপুরে তিনটি সমবায়ে নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ফের সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস। জামালপুরে তিনটি সমবায় সেলিমাবাদ সমবায় সমিতি, চক আঝাপুর সমবায় সমিতি ও টেঙ্গাবেড়িয়া সমবায় সমিতির নমিনেশন জমা দেবার দিন ছিল। প্রতিটি সমবায়ে ১২ টি করে আসন আছে। যথা সময়ে বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে মহা সমারোহে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিলেও দেখা মিললো না কোনো বিরোধী দলের। নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোনো দল নমিনেশন না করায় স্বাভাবিক ভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস। এই তিন জায়গায় সমবায় নির্বাচনে দলের একাধিক ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন। ছিলেন কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ বিভিন্ন অঞ্চল সভাপতি, প্রধান ও উপ প্রধানরা। জামালপুরে যতগুলো সমবায়ে নির্বাচন হলো সবকটাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলো তৃণমূল। এই জয়লাভ যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অনেকটাই এগিয়ে রাখবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যে যে উন্নয়ন চলছে তাতে বিরোধীদের মানুষের কাছে পৌঁছে কিছু বলার নেই। তাই বিরোধীদের কোনো সমবায় নির্বাচনেই দেখতে পাওয়া যাচ্ছে না। মেহেমুদ খান বলেন, জামালপুরের মানুষ যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে চায় না সেটা বিভিন্ন নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন তারা। তাই কোনো সমবায় নির্বাচনেই বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন রাজ্যের মানুষের মানুষ তাতেই ভরসা রাখছেন বলে দাবি করেন মেহেমুদ খান।


