1
ছাত্রদের কাছে নিজের গ্রামের সমস্যার কথা তুলে ধরতে বললেন মন্ত্রী
রাজ্য সরকারের উদ্যোগে “আমাদের পাড়া আমাদের সমাধান” এই কর্মসূচী শুরু হয়েছে। ২ আগস্ট সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক ও শহর এলাকাতে এই কর্মসূচীর সূচনা করা হয়েছে। এই কর্মসূচীকে সামনে রেখে কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম হাইস্কুলের ছাত্রদের হাতে তাদের পাড়ার সমস্যা কি কি তা জানাবার জন্য নির্দিষ্ট ফর্ম তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ২ আগস্ট তিনি নিজে ওই বিদ্যালয়ে উপস্থিত হন। সেখানে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন মন্ত্রী। শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে ক্লাসের ছাত্রদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের বাড়ি কোথায় ? এলাকায় কি সমস্যা রয়েছে ? এই বিষয়গুলি নির্দিষ্ট ফর্মে তুলে ধরার জন্য বলেন। স্বপনবাবু বলেন, পূরণ করা এই ফর্ম দেখে ওই সমস্ত এলাকার সমস্যার বিষয়গুলি সম্পর্কে প্রশাসন অবহিত হতে পারবে। প্রশাসনের নজরে বিষয়টি আনা যাবে। এতে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে বিভিন্ন এলাকার সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হবে। মন
মন্ত্রী বলেন, আমরা পাঠ্যপুস্তকের মাধ্যমে ভূগোল ও ইতিহাস অধ্যায়ন করি। কিন্তু নিজের গ্রামের ইতিহাস ও ভূগোল আমরা অনেকেই জানার চেষ্টা করি না। সেটা জানলে এলাকার সমস্যার কথা জানা সহজ হয়। বিভিন্ন চাহিদার কথা উপলব্ধি করা যায়। সেই মতো এই কর্মসূচীতে অংশ নেওয়াটাও সহজ হয়। তিনি বলেন, আজকে যারা ছাত্র তারা আগামীদিনে আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের মতামত জানাটা অত্যন্ত জরুরি। তাই ক্লাসে এসে তাদের এলাকার সমস্যার কথা জানানোর জন্য আহ্বান জানিয়েছি।
2
শহীদ মানস ব্যানার্জীর ৩৫ তম প্রয়াণ দিবস পালন
১৯৯০ সাল ৩ আগস্ট তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা পশ্চিমবাংলায় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে গণআন্দোলন হয়। সেই আন্দোলনে অংশগ্রহণ করে বর্ধমান থানার সামনে যুব কংগ্রেস কর্মী মানস ব্যানার্জী পুলিশের গুলিতে নিহত হন। এবছর তার ৩৫ তম প্রয়াণ দিবসে নারকেলবাগান মোড়ে শহীদ বেদীর সামনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মানস ব্যানার্জী স্মৃতিরক্ষা কমিটির সভাপতি তথা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। শ্রদ্ধা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ মণ্ডল, বর্ধমান পৌরসভার এমসিআইসি উমা সাঁই ও প্রদীপ রহমান, কাউন্সিলর অজিত খাঁ, মন্টু মজুমদার, ইন্তেখাব আলম, জয়হিন্দ বাহিনীর যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য, ২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাই মির্জা, ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবু সিং। এই স্মরণ সভা অনুষ্ঠানটি পরিচালনা করলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি তথা ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক। তিনি জানান, এই দিনটি প্রতিবছর যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়। মানস ব্যানার্জীর প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মানব সেবায় কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা অঙ্গীকারবদ্ধ হন।


