1
বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হলেন উজ্জ্বল প্রামাণিক
বর্ধমান শহর ও তার পারিপার্শ্বিক এলাকাকে নিয়ে বাম আমলেই গঠন করা হয়েছিল বর্ধমান উন্নয়ন সংস্থা বা বিডিএ। এবার সেই সংস্থার চেয়ারম্যান হলেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। তিনি বিডিএ-র চেয়ারম্যান হওয়ার পর তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার বিভিন্ন কাউন্সিলরবৃন্দ। উজ্জ্বলবাবু জানান, আগামী দিনে তার লক্ষ্য হবে বর্ধমান উন্নয়ন সংস্থার অন্তর্গত এলাকার উন্নয়ন করা। এ ব্যাপারে তিনি বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর-এর বিধায়ক সহ স্থানীয় সাংসদ, এদের সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে উন্নয়নের কাজকে এগিয়ে নিয়ে যাবেন। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান হওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। উজ্জ্বলবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করবো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে। সকলকে সঙ্গে নিয়ে পথ চলাই হবে আমার লক্ষ্য। এ প্রসঙ্গে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, আমরা আশাবাদী উজ্জ্বল প্রামাণিকের হাত ধরে স্থানীয় এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
2
বিধায়কের উদ্যোগে পদযাত্রার মাধ্যমে ধর্মতলা চলোর ডাক
রাজ্যের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে অমর একুশে জুলাইকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ওই দিন ধর্মতলা চলোর ডাক দেওয়া হয়েছে, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের পক্ষ থেকে। এই উপলক্ষ্যে বিধায়কের উদ্যোগে বর্ধমানে একটি মহামিছিল অনুষ্ঠিত হলো। বর্ধমান টাউন হল প্রাঙ্গণ থেকে এই মিছিল শুরু হয়, শেষ হয় উত্তরফটকে। এই মিছিলে অংশ নেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ বর্ধমান পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। এদিন একটি পথসভারও আয়োজন করা হয়। এই পথসভায় বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস প্রমুখ। তারা তাদের বক্তব্যে উপস্থিত তৃণমূলের কর্মী সমর্থকদের ২১ জুলাই কলকাতার ধর্মতলায় উপস্থিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ওইদিনের সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা এই সভা মঞ্চ থেকে ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যে বার্তা তারা দেবেন সেই মতোই আমরা এখানে ফিরে এসে নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করে দেব।
3
২১ জুলাই সভার সমর্থনে ২৯ নম্বর ওয়ার্ডে মহামিছিল
২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণসভার আয়োজন করা হয়েছে। এই সভাকে সফল করার জন্য বর্ধমান শহরজুড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রচারাভিযান চলছে। এই প্রচার চলছে শহরের ২৯ নম্বর ওয়ার্ডেও। এই ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে মহামিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিল থেকে ২১শে জুলাইয়ের সভাকে সফল করার আহ্বান জানানো হয়। ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতৃত্ব ও কর্মী এবং সমর্থকদের ২১শে জুলাইয়ের সভায় কলকাতায় উপস্থিত হওয়ার জন্য বার্তা দেওয়া হয়। সুশান্ত প্রামাণিক বলেন, আমরা চাই প্রতি বছর যেমন এখান থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতায় উপস্থিত হন, তেমনই এবারও তারা যেন সেখানে যান। এবার এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক তৃণমূলের নেতৃত্ব ও কর্মী কলকাতার ধর্মতলায় ২১ জুলাই উপস্থিত হবেন বলে উল্লেখ করেন কাউন্সিলর।


