অভিযোগ, ধর্মস্থানের পাশে অসামাজিকতা! তৃণমূল নেতার মদতপুষ্ট মদের ঠেক এবার ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি


অভিযোগ, ধর্মস্থানের পাশে অসামাজিকতা! তৃণমূল নেতার মদতপুষ্ট মদের ঠেক এবার ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি

বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডের কানাইনাটশাল দীঘিরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলা একটি অবৈধ মদের ঠেক এবং অসামাজিক কার্যকলাপের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিল বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসনের কড়া নির্দেশে এবং বর্ধমান দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের তৎপরতায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল নেতা অনন্ত পাল ও তাঁর ঘনিষ্ঠ নেতা প্রদীপ দাসের মদতে ওই ঘরে অবৈধভাবে মদের আসর বসতো। ঘরটির সামনেই রয়েছে একটি দুর্গা মন্দির, যার পবিত্রতা নষ্ট করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ করায় মহিলাদের হুমকি ও কটূক্তির মুখেও পড়তে হয়েছে বলে দাবি।

পরে এলাকার মহিলারা মৌমিতা বিশ্বাস মিশ্রের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর নির্দেশে প্রতিনিধি দল পাঠানো হয় এবং ঘটনাস্থলে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অবৈধ ঘরটি ভেঙে ফেলা হয়। অভিযানের পর বিধায়িকা ও মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার মহিলারা।