নারী নির্যাতনের বিরুদ্ধে সরব মহিলা কংগ্রেস: বর্ধমান ও বারুইপুরের ঘটনার বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা


নারী নির্যাতনের বিরুদ্ধে সরব মহিলা কংগ্রেস: বর্ধমান ও বারুইপুরের ঘটনার বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা

পশ্চিমবঙ্গে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং নির্যাতিতাদের বিচারের দাবিতে মহিলা কংগ্রেসের উদ্যোগে ৮ জুলাই সন্ধ্যায় বর্ধমানের কার্জন গেট চত্বরে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ পথসভার আয়োজন করা হয়। বারুইপুর, বর্ধমান ও উত্তর ২৪ পরগনাসহ বিভিন্ন জেলায় মহিলাদের ওপর অত্যাচার, ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় সেখানে।

পূর্ব বর্ধমান জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী কুমকুম ঘোষ বলেন, “প্রতিদিনই মেয়েরা ধর্ষিত, নির্যাতিত ও খুন হচ্ছে। মৃতদের আত্মার শান্তির কামনার পাশাপাশি আমরা চাই প্রত্যেকটি মেয়ে সঠিক বিচার পাক।”

বারুইপুরের সাম্প্রতিক ঘটনা ও অভিযুক্তের এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, এটি সাধারণ এনকাউন্টার নয়; মূল ঘটনা ও আসল সত্য আড়াল করার চেষ্টা হতে পারে বলেও অভিযোগ করেন। পাশাপাশি ঘটনার পেছনে রাজনৈতিক যোগসাজশের অভিযোগও তোলেন তিনি।

বিক্ষোভ সভায় জেলা আইএনটিইউসি সভাপতি গৌরব সমাদ্দার ও অন্যান্য প্রতিবাদীরা দাবি জানান, অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সমস্ত আসল দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং রাজ্যে নারী সুরক্ষায় কঠোর ব্যবস্থা নিতে হবে।