শ্যামাপ্রসাদের অভিনব উদ্যোগ গ্রহণ | আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বর্ধমানের সাফল্য

1
শ্যামাপ্রসাদের অভিনব উদ্যোগ গ্রহণ

বর্ধমান পৌরসভার ২১, নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দোপাধ্যায় একটি অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। দুর্গোৎসবের ঠিক আগে তিনি তার ওয়ার্ড এলাকায় কর্মরত ১৫১ জন পরিচালিকার হাতে কিছু অনুদান তুলে দিলেন। এ প্রসঙ্গে শ্যামাপ্রসাদ জানান, আমি বর্ধমান পৌরসভা থেকে প্রতিমাসে একটা ভাতা পাই। সেই প্রাপ্য ভাতার এক বছরের অর্থ আমি আমার ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে কর্মরত পরিচারিকাদের হাতে তুলে দিয়েছি। এই উদ্যোগ গ্রহণের মূল লক্ষ্য হলো, যাতে পুজোর মুখে তারা প্রত্যেকেই কিছু নতুন বস্ত্র সামগ্রী কেনাকাটা করতে পারেন। আমার লক্ষ্য হলো, এই সময় সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ যেন একটু হাসিমুখে কাটাতে পারেন। সেই লক্ষ্য নিয়েই স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে তাদের হাতে এই আর্থিক অনুদান তুলে দিই। এই ধরনের কাজ করার মধ্যে দিয়ে একটা আলাদা মানসিক তৃপ্তি অনুভব করা যায়। মানুষের পাশে থাকার সেই আনন্দটাকেই আমি এদিন সকলের সঙ্গে ভাগ করে নিয়েছি। (পজ্)

2
আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বর্ধমানের সাফল্য

“বেঙ্গল ওপেন – ৪র্থ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫” অনুষ্ঠিত হলো কলকাতার ভি.আই.পি রোডের উপর অবস্থিত হলদিরাম ব্যাঙ্কোয়েটে। এদেশের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা মিলিয়ে মোট প্রায় ১২০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।  দ্য মার্শাল আর্টস একাডেমির সেইসিনকাই বর্ধমানের প্রধান কোচ রেনসি দেবাশিস কুমার মন্ডল জানান, এই প্রতিযোগিতায় বর্ধমানের ৩ জন ক্যারাটেকা মোট ৬ টি পদক জয়লাভ করেন। তার মধ্যে রয়েছে দুটি সোনা, দুটি রূপো এবং দুটি ব্রোঞ্জ পদক।
উল্লেখ্য, অয়ন্তিকা সাহা এবং শ্রেয়শী ঘোষ, উভয়েই কাতা বিভাগে রুপো এবং কুমিতে বিভাগে সোনা জয়লাভ করে। স্নেহাশ্রী দাস কাতা ও কুমিতে উভয় বিভাগেই ব্রোঞ্জ পদক জয়লাভ করে।
বর্ধমানে ক্যারাটে খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের এই সাফল্যে সকলে খুব আনন্দিত এবং গর্বিত। অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের এই সাফল্যে খুবই খুশি।