মিউনিসিপাল হাইস্কুলে পালিত হলো বসন্ত উৎসব II খুনের চেষ্টার ঘটনায় আদালতে সাজা প্রাপ্ত ১৩ জন II ভোটার তালিকা নিয়ে বারেবারেই ভোটারদের বাড়ি যাচ্ছেন কাউন্সিলর


1
মিউনিসিপাল হাইস্কুলে পালিত হলো বসন্ত উৎসব

বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে বিদ্যালয়ের ছাত্ররা ছাড়াও শহরের বিভিন্ন নৃত্যশিক্ষা প্রতিষ্ঠানের গুরুজি ও শিক্ষার্থীরা এখানে অনুষ্ঠান পরিবেশন করেন। সংগীত পরিবেশনেও অংশ নেন শিল্পীরা। নাচে,গানে,কবিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে। (পজ্)

এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী বলেন, প্রতিবছর এই বিদ্যালয় প্রাঙ্গণে বসন্তকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর ২৮ মার্চ দিনটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি এই শহরের বিভিন্ন গুণী শিল্পীরা ও তাদের শিক্ষার্থীরা তাদের শিল্প গুনে এই উৎসব প্রাঙ্গণকে ভরিয়ে তোলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেও এদিনের অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে ওঠে।

2–
খুনের চেষ্টার ঘটনায় আদালতে সাজা প্রাপ্ত ১৩ জন

বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাবাকে মারধর এবং খুনের চেষ্টার ঘটনায় বর্ধমান আদালত ইতিমধ্যেই সাজা ঘোষণা করেছেন। ১৩ জনকে সাজা দিয়েছেন বিচারক। এদের মধ্যে রয়েছেন বর্ধমান ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন কাকলি গুপ্ত তা। তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও তিনি সাজা ঘোষণার দিনই জামিনও পেয়েছেন। এদিকে সাজাপ্রাপ্ত অন্যান্যদের মধ্যে রয়েছেন বর্ধমান ১ ব্লকে তৃণমূলের যুব সভাপতি তথা বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য। রয়েছেন রায়ান ১ অঞ্চল সভাপতি জামাল শেখ ও রায়ান ১ পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগসহ ১২ জন। এদের সকলকেই ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। এই সাজা ঘোষণার পর জেলা সহ বর্ধমান ১ ব্লকে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

3
ভোটার তালিকা নিয়ে বারেবারেই ভোটারদের বাড়ি যাচ্ছেন কাউন্সিলর

দলের পক্ষ থেকে নির্দেশ ছিল ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে কিনা সেই বিষয়টি পর্যবেক্ষণ করার। আর সেই দায়িত্ব বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে যথাযথভাবে পালন করে চলেছেন স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন পার্টে দলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে তিনি ভোটারদের বাড়িতে উপস্থিত হচ্ছেন। ভোটার তালিকা পর্যবেক্ষণের কার্যকারণ সম্পর্কে তাদের বোঝাচ্ছেন। এ ব্যাপারে তাদের প্রত্যেকের কাছে সহযোগিতাও প্রত্যাশা করছেন। সুশান্তবাবু জানান, ওয়ার্ডে এই কাজ এখন ধারাবাহিকভাবে চলবে। দলীয় নির্দেশ মেনে তারা তাদের দায়িত্ব পালন করে যাবেন।