প্রচারে বেরিয়ে বিরোধিতার অভিযোগ বিজেপি প্রার্থীর
ভোটের প্রচারে বেরিয়ে তাকে নানা রকম বিরোধীতার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র। এ প্রসঙ্গে এক সাংবাদিক সভায় বিজেপি প্রার্থী বলেন, বিভিন্ন এলাকায় প্রচারে যাওয়ার পথে তাদের উদ্দেশ্যে জয় বাংলা ধ্বনি দেওয়া হচ্ছে। নানারকম মন্তব্য করা হচ্ছে। তা সত্ত্বেও তারা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই ধরনের প্ররোচনার ফাঁদে পা দেননি। তবে বুধবার তিনি তেজগঞ্জে প্রচারে গিয়েছিলেন। সেখানে এক দলীয় কর্মীর বাড়িতে দুপুরে কিছুক্ষণ ছিলেন। তিনি চলে আসার পর সন্ধ্যায় ওই কর্মীর বাড়িতে তৃণমূলের কর্মী – সমর্থকরা পৌঁছে তাকে রীতিমতো হুমকি দেয়। এ বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ আসলেও তারা কাউকে আটক করেনি। মৌমিতার অভিযোগ, পুলিশ প্রশাসন এখানে স্বাধীনভাবে কাজ করতে পারেন না। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কাউন্সিলরদের অনুমতি নিয়ে তাদের কাজ করতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা সিআরপিএফ জওয়ানদের নিয়ে প্রতিটি এলাকায় রুটমার্চ করানো উচিত। তা নাহলে সাধারণ মানুষ ভয় মুক্ত হবেন না। এ ব্যাপারে তিনি জেলাশাসকের ভূমিকার প্রশংসা করেন। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না বলে জানান। এরপর প্রয়োজন হলে তারা সরাসরি নির্বাচন কমিশনের দারস্ত হবেন বলে উল্লেখ করেন মৌমিতা।


