পরিবেশবান্ধব উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত: বিয়েতে সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক খাদ্য পরিবেশন
নিজের বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে পরিবেশ-সচেতনতার বার্তা তুলে ধরতে এক অভিনব পদক্ষেপ নিলেন বর্ধমানের আদিতি ভকত। বিয়ের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির জন্য সম্পূর্ণ উদ্ভিদভিত্তিক খাদ্য পরিবেশনের সিদ্ধান্ত নেন তিনি। সেইমতো ব্যবস্থাও হয়। এই উদ্দেশ্যে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরও করা হয়েছে। স্টার্ট আপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের আয়োজন এখনও রাজ্যে তথা দেশে খুবই বিরল। তবে বিষয়টি সমাজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। সমঝোতা অনুযায়ী, বিয়ের পুরো ব্যবস্থায় কোনো প্রাণিজ খাদ্য উপাদান ব্যবহার করা হচ্ছে না। লক্ষ্য হলো প্রাণী-নির্যাতন কমানো। পাশাপাশি পরিবেশ দূষণ হ্রাস, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার এবং সামাজিক অনুষ্ঠানে টেকসই বিকল্প তুলে ধরা—এই উদ্যোগের আর এক লক্ষ্য। এর মধ্যে রয়েছে মেনু পরিকল্পনায় পরামর্শ, ক্যাটারিং টিমকে প্রশিক্ষণ, সচেতনতা বিষয়ক প্রচারসামগ্রী তৈরী এবং পুরো আয়োজনের নথি সংরক্ষণ। জানা গেছে, এই উদ্যোগটিকে সমর্থন করছে একাধিক দেশী ও বিদেশী প্রাণী নিষ্ঠুরতা রোধ উদ্ভিজ খাবার আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠন। সংস্থার তরফে সন্দীপন সরকার বলেন, “আদিতি ভকতের সিদ্ধান্ত সমাজে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। বিয়ে বা বড় অনুষ্ঠানও যে পরিবেশবান্ধব ও নৈতিক মান বজায় রেখে করা যায়—এটাই এই উদ্যোগের মূল বার্তা। এই উপলক্ষ্যে মৌ স্বাক্ষর সম্ভবত প্রথম বলা যায়।” নিজের সিদ্ধান্ত সম্পর্কে আদিতি ভকত বলেন, “আমি চাই বিয়েটা শুধু আনন্দের না, সচেতনতারও একটি বার্তা দিক। তাই কোনো প্রাণীর ক্ষতি না করে পরিবেশবান্ধব সম্পূর্ণ উদ্ভিজ খাবারের আয়োজন করার কথা ভাবি।” এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মহলেও ইতিমধ্যেই যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানা গেছে।


