গ্ৰামে ঢ্যাঁড়া পিটিয়ে চাষ বন্ধের নিদান বিদেপির ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের জামালপুরে ক্ষোভ গোটা এলাকায়।
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে বিজেপির নাম করে ঢ্যাঁড়া পিটিয়ে এবং পোস্টার সাঁটিয়ে চাষবাস বন্ধের ফতোয়া দেওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জোৎচাঁদ ও পাইকপাড়া গ্রামের কয়েকশো বিঘা কৃষিজমিকে কেন্দ্র করে এই নজিরবিহীন ফতোয়া জারি করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রবিবার শান্ত গ্রাম আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে, আর তার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, জোৎচাঁদ ও পাইকপাড়া গ্রামের বিস্তীর্ণ এলাকায় আচমকাই কিছু পোস্টার নজরে আসে। সেই পোস্টারগুলিতে বিজেপির নাম ব্যবহার করে সাফ জানানো হয়েছে যে, নির্দিষ্ট কিছু জমিতে চাষ করা যাবে না। শুধু পোস্টার সাঁটানোই নয়, রীতিমতো ঢ্যাঁড়া পিটিয়ে (ঢোল বাজিয়ে ঘোষণা করে) গ্রামবাসীদের মাঠে নামতে নিষেধ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে উঠেছে। ঘটনাটি জানাজানি হতেই তৎপর হয়েছে রাজনৈতিক দলগুলো।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো দূর-দূরান্তের সম্পর্ক নেই। তাঁদের ভাবমূর্তি নষ্ট করতে এবং এলাকায় রাজনৈতিক ফায়দা তুলতে স্থানীয় তৃণমূল কংগ্রেসই এই চক্রান্ত করেছে। বিজেপির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে।


