বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে পথে নামলো এসএফআই
সাম্প্রতি বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইকে স্কুলের ছাত্রদের সমস্যা, স্কুলে লেখাপড়ার পরিবেশ, স্কুলের অতিরিক্ত ফি সহ বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক লড়াইয়ের মধ্যে থাকতে দেখা গেছে। গত ২৭ নভেম্বর এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ডিআই অফিসে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন দেওয়ার পর ধারাবাহিক ভাবে বিভিন্ন এলাকার স্কুলের স্থানীয় সমস্যায় এসএফআই কে লড়াই করতে দেখা গেছে। ইতিমধ্যেই খণ্ডঘোষ উচ্চ বিদ্যালয়ে ২৪০ টাকার বেশি ফিস নেওয়ার বিরুদ্ধে এসএফআই খণ্ডঘোষ লোকাল কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় এবং ৪ জন ছাত্রকে চলতি শিক্ষাবর্ষের বকেয়া ফি ২৪০ টাকা দিয়েই ভর্তি করানো হয়। এছাড়াও এসএফআই ভাতার লোকাল কমিটির উদ্যোগে শুশুনদীঘি এইচপি হাইস্কুলের খেলার মাঠে হাট বসিয়ে মাঠের পরিবেশকে নষ্ট করা এবং হাট বসানোর টাকা আত্মসাৎ করার অভিযোগে স্কুল গেটের সামনে পথসভা করা হয়। পথসভা শেষে প্রধান শিক্ষকের কাছে বিষয়টির প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। ভারতের ছাত্র ফেডারেশন প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই লড়াইয়ে সকল ছাত্রছাত্রীকে পাশে থাকার আহ্বান জানাচ্ছে। আর কিছুদিনের মধ্যেই জেলার স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে,২৪০ টাকার অতিরিক্ত ফি না নেওয়ার দাবিতে, স্কুলে লেখাপড়ার পর্যাপ্ত পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকা নিয়োগ ও লেখাপড়ার পরিবেশের দাবিতে জানুয়ারির প্রথম সপ্তাহে জেলাজুড়ে স্কুলগুলিতে দাবি আদায়ের লক্ষ্যে পৌঁছে যাবে এসএফআই। নতুন বছরে ছাত্রদের দাবি আদায়ের লক্ষ্যে লড়াইয়ের বাড়তি মেজাজ নিয়ে ১৭ জানুয়ারি কাটোয়া মহকুমা, ২২ জানুয়ারি কালনা মহকুমা এবং ২৮ জানুয়ারি বর্ধমানে ডিএম অফিস অভিযান করতে চলেছে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। এই আন্দোলনে জেলার সমগ্র ছাত্র সমাজকে সামিল হওয়ার ডাক দিয়েছে এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি বলে জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক উষসী রায়চৌধুরী।


