বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করার প্রতিবাদ জামালপুরে

 

বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করার প্রতিবাদ জামালপুরে

দলীয় নির্দেশে প্রতিবাদ কর্মসূচীকে কেন্দ্র করে তৃণমূলের মিছিলে জনজোয়ার দেখা গেল। কয়েকদিন আগেই রাজ্যসভায় সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী। তারই বিরোধিতা করে রাজ্যের সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে মাত্র কয়েকঘন্টার প্রস্তুতিতে তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে সেই মিছিলই জনজোয়ারে পরিণত হয়। হালারা বিপত্তারিনী তলা থেকে এই মিছিল শুরু হয়ে জামালপুর বাজার হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয়। সেখানে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলান সাংসদ ডাঃ শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক অলোক কুমার মাঝি,ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাঁতরা ও শোভা দে সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মিছিল থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। এরজন্য তাকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। বিজেপিরও কড়া সমালোচনা করেন মেহমুদ খান।

সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, অমিত শাহ শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকরকেই নয়, সমগ্র দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন। এটা লজ্জা আমাদের সকলের কাছে।

সাংসদ শর্মিলা সরকার বলেন, মাত্র কয়েকঘন্টার প্রস্তুতিতে এই জনজোয়ার প্রমাণ করে মানুষ কার সঙ্গে আছেন। তিনি আরও বলেন, মোদিজি আর অমিত শাহজি ওনারা ক্ষমা চাইতে জানেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা জানে। ভুল করলে সেটা স্বীকার করে ক্ষমা চায়।

বিধায়ক অলোক মাঝি স্বরাষ্ট্র মন্ত্রীর এই কথার তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, এই মিছিল প্রমাণ করে মানুষ অন্যায়কে মেনে নেয় না।