মেমারিতে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক
জেলার মেমারিতে ১৪ বছরের এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক গৃহ শিক্ষককে। ধৃতের নাম নবেন্দু ধারা, বয়স ৩০বছর। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গৃহশিক্ষকতা করতেন বলে জানা গেছে।
অভিযোগ, অভিযুক্তের কাছে পড়তো ওই ১৪ বছরের ছাত্রী। পরিবারের দাবি, সেখানেই নাবালিকাকে শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মেমারি থানার পুলিশ অভিযুক্ত নবেন্দু ধারাকে গ্রেপ্তার করে। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে নাবালিকার পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।



