মহরমের শোভাযাত্রা নিয়ে বর্ধমানে প্রশাসনিক বৈঠক, জারি একগুচ্ছ নির্দেশিকা


মহরমের শোভাযাত্রা নিয়ে বর্ধমানে প্রশাসনিক বৈঠক, জারি একগুচ্ছ নির্দেশিকা

সর্বত্র শান্তিশৃঙ্খলা বজায় রেখে মহরম উদযাপনের লক্ষ্যে বর্ধমান লায়ন্স ক্লাবে কেন্দ্রীয় মহরম কমিটির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। আসন্ন শোভাযাত্রা যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, তারজন্য প্রশাসনের তরফ থেকে ১২ দফার একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
প্রধান নির্দেশাবলীতে রয়েছে : আগামী ২৫ এবং ২৬ তারিখের শোভাযাত্রা রাত ১০ টার মধ্যে অবশ্যই শেষ করতে হবে। প্রশাসন নির্ধারিত রুট ছাড়া অন্য কোথাও শোভাযাত্রা নিয়ে যাওয়া যাবে না। শোভাযাত্রার সময় রাস্তা কোনোভাবেই সম্পূর্ণ বন্ধ করা যাবে না। কমিটির স্বেচ্ছাসেবকদের ট্রাফিক নিয়ম মেনে পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করতে হবে। শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম, আতশবাজি এবং যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র, খেলনা আগ্নেয়াস্ত্র বা তলোয়ারের প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শব্দদূষণ সংক্রান্ত আইন কঠোরভাবে পালন করতে হবে। হাসপাতাল বা স্কুলের মতো ‘সাইলেন্ট জোন’-এ কোনো মাইক বা সাউন্ড সিস্টেম বাজানো যাবে না। অন্য কোনো সম্প্রদায়ের প্রার্থনার সময় বা ধর্মীয় উপাসনালয়ের সামনে শোভাযাত্রা দাঁড় করানো যাবে না। শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে অবিলম্বে স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আইন অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, মহরমের শোভাযাত্রার সময়সীমা বাড়ানোর দাবি কেন্দ্রীয় মহরম কমিটির। মহরমের শোভাযাত্রা ও তাজিয়া বের করার সরকারি সময়সীমা পরিবর্তনের দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় মহরম কমিটি পক্ষ থেকে। প্রশাসনের বেঁধে দেওয়া নির্দেশিকা অনুযায়ী রাত ১০টার মধ্যে সমস্ত অনুষ্ঠান শেষ করার কথা বলা হয়েছে, তা পুনর্বিবেচনা করার জন্য প্রশাসনের উচ্চস্তর ও স্থানীয় বিধায়কদের কাছে আবেদন জানাবেন বলে জানিয়েছেন কমিটির সভাপতি স্বপন মুখার্জী ও কমিটির সম্পাদক সামিনুর রহিম।