অবৈধ বালি খাদান রুখতে ফের তৎপর জেলা প্রশাসন
এবার অবৈধ বালি খাদান রুখতে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বামুনিয়া সংলগ্ন দামোদর নদের তীরবর্তী এলাকায় যৌথ অভিযান চালালো প্রশাসন ও পুলিশ। দীর্ঘদিন ধরেই এখানে চলছিল অবৈধ বালি উত্তোলনের রমরমা কারবার। এই খবর পৌঁছতেই নড়েচড়ে বসে প্রশাসন। রায়না ১ নং ব্লক, বড়শুল এবং বর্ধমানের বিএলআরও ও ডিএলআরও দপ্তরের আধিকারিকদের নেতৃত্বে পরিচালিত হয় এই বিশেষ অভিযান। অভিযানে সহযোগিতায় ছিল রায়না, বর্ধমান ও শক্তিগড় থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রশাসনের এই আকস্মিক হানায় অবৈধ কাজে ব্যবহৃত ৩টি বকলেট আটক করা হয়েছে। তবে অভিযান চলাকালীন কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই চক্রের পেছনে কারা রয়েছে এবং কাদের মদতে দীর্ঘদিনের এই অবৈধ কারবার চলছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের কাজ চলছে।



