নরেন্দ্র মোদী সরকারের ১২ বছরের সাফল্য উদযাপন, সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ হোমযজ্ঞের আয়োজনে মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা ৪৩৯৯ দিন দায়িত্ব পালনের উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে এবং প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরে বিশেষ হোমযজ্ঞ, পুজো ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের উদ্যোগে।
এদিন বৈদিক রীতি মেনে মন্দির প্রাঙ্গণে হোমযজ্ঞ শুরু হয়। পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজার্চনা এবং হোমের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই ধর্মীয় অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে মৌমিতা বিশ্বাস মিশ্র সহ বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছেছে। উন্নয়ন, পরিকাঠামো, ডিজিট্যাল অগ্রগতি, আত্মনির্ভর ভারত গঠন এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ এক নতুন দিশা পেয়েছে। সেই কারণেই তাঁর নেতৃত্বের ১২ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকার কামনা করেন। পাশাপাশি আগামী দিনেও তাঁর নেতৃত্বে ভারত আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে বলেও আশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এদিন এখানে বসে মায়ের অন্নভোগ গ্রহণ করেন মৌমিতা বিশ্বাস মিশ্র।



