জেলার জামালপুরে কেলিরি কাঠগোলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার


জেলার জামালপুরে কেলিরি কাঠগোলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানায়। বুধবার সকালে জামালপুর থানার অন্তর্গত কেলিরি কাঠগোলার কাছে স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছোয় জামালপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উদ্ধার হওয়া ব্যক্তির নাম বা পরিচয় এখনও জানা যায়নি। তার মৃত্যুর সঠিক কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, প্রচণ্ড গরমে বা অন্য কোনো কারণে হার্ট অ্যাটাক হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি তিনি কোথা থেকে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।