1
বন্যপ্রাণীর প্রতি সহনশীলতা নিয়ে ই-সেমিনার
সম্প্রতি বাঘিনী জিনাত সারা রাজ্যের মানুষের কাছেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিল। আর তাই বাঘিনী জিনাতের উদ্ধারের অভিজ্ঞতা এবং বন্যপ্রাণীর প্রতি সহনশীলতা নিয়ে শনিবারের চর্চা শীর্ষক ই-সেমিনার আয়োজিত হল আগ্রহীদের নিয়ে। অংশ নেন “অপারেশন জিনাত” এর অন্যতম সদস্য পুরুলিয়ার বিভাগীয় বনাধিকারিক অঞ্জন গুহ। হিংস্র বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে সাধারণ নাগরিক হিসাবে কি করণীয় এবং উদ্ধারকারী দলের স্নায়ুচাপ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা হয়। আয়োজকদের তরফে অম্লান কুসুম ঘোষ জানান, এই ধরনের আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক। বন্যপ্রাণীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় ভয়-ভীতি কাজ করে। আর তারজন্যই অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। তাই এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করাটা অত্যন্ত জরুরি। আর সেই কারণেই এই ধরনের একটি ই সেমিনারের আয়োজন করা হয়েছে
2
সূর্য সেন ও বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদনে ক্রীড়া প্রতিযোগিতা
১২ জানুয়ারি হলো মাষ্টার দা সূর্য সেনের শহীদ দিবস ও বিবেকানন্দের জন্মদিবস। বিদ্বেষ নয় সম্প্রীতির দেশে বৈচিত্রের মধ্যে ঐক্যে গড়তে নীলপুর অগ্রণী সংঘের মাঠে SFI বর্ধমান শহর ও DYFI, বর্ধমান শহর ২ লোকাল কমিটির পক্ষ থেকে সারাদিন ব্যাপী শীতকালীন স্পোর্টসের আয়োজন করা হয়। এদিন প্রথমেই হয় কেজি ও ক্লাস ওয়ানের ৫০ মিটার দৌড়, ৫০ মিটার লজেন্স দৌড়। তারপর একে একে ক্লাস টু থেকে ফোর, ফাইভ থেকে এইট ৫০ মিটার, ১০০ মিটার বালক বালিকাদের দৌড়। ক্লাস নাইন থেকে টুয়েলভ বালকদের শট পাট, বালক বালিকা উভয়ের হিটিং দ্যা উইকেট ইভেন্ট। ক্লাস নাইন থেকে টুয়েলভ, ১৮ বছরের ঊর্ধ্বে মিউজিক্যাল বল, হাঁড়ি ফাটানো সহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এলাকার স্কুলের, ক্লাবের, সাধারণ মানুষের, ছাত্রছাত্রীদের একদিনের স্পোর্টসে ৫০০ এর অধিক প্রতিযোগীদের উপস্থিতিতে এই ক্রীড়া প্রতিযোগিতা সাফল্য মন্ডিত হয় বলে আয়োজকদের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। এলাকার বিশিষ্ট ক্রীড়া শিক্ষক, শিক্ষক, শিক্ষিকারাও এই স্পোর্টসের কাজে অংশগ্রহণ করেন। এদিন এই খেলা শেষে বিকেল ৫টায় প্রত্যেক ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারা সুইমিং কম্পিটিশনে দেশের মধ্যে প্রথম স্থান অধিকারী দীপান্বিতা মজুমদার , বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মন্টু সাহা , অধ্যাপক চন্দ্রনাথ ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষিকা সহ sfi DYFI ও aidwa এর জেলা, রাজ্য ও লোকাল কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ।
3
১২ জানুয়ারি শুরু হলো নীলপুর যুব উৎসব
১২ জানুয়ারি বর্ধমান শহরের নীলপুরে শুরু হল নীলপুর যুব উৎসব 2025। এদিন এই উৎসবের উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য নেতৃত্ব সায়নী ঘোষ। এদিন উপস্থিত সমস্ত বিশিষ্ট অতিথিদের বরণ করে নেন নীলপুর যুব উৎসবের অন্যতম আয়োজক তথা বিশিষ্ট সমাজসেবী রাসবিহারী হালদার। তিনি এই উৎসব আয়োজনের মূল তাৎপর্যের কথা সংক্ষেপে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবর্গ প্রত্যেকেই তাদের বক্তব্যে এই ধরনের একটি উৎসব আয়োজনের প্রশংসা করে আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
4
স্বামীজীর জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন
স্বামী বিবেকানন্দের ৬৩ তম জন্মদিবসে বর্ধমানের বিবেকানন্দ সেবক সংঘের নিজস্ব প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্বামীজীর এক পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন রামকৃষ্ণ মঠের স্বামীজি শিবানন্দ মহারাজ। ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে বলা হয় স্বামীজীর এই মূর্তিটি গ্রানাইট পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। প্রায় সাড়ে আট ফুট উচ্চতা বিশিষ্ট মূর্তিটি নির্মাণ করতে খরচা হয়েছে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা। এই প্রতিষ্ঠানের সদস্যদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল স্বামীজীর এই মূর্তি প্রতিস্থাপন করা। এই কাজ করতে পেরে তারা প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত ও খুশি। এদিন স্বামীজীর জন্মদিন উপলক্ষ্যে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণে ৪০০ প্রতিযোগীকে নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।


