1
ছাত্রছাত্রীদের কেরিয়ার নিয়ে আলোচনা সভা
স্কুল ও কলেজ জীবনে পড়াশোনার শেষে কী করবো আমরা এই ভাবনা ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্কুরিত করতে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন বর্ধমান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তিন আধিকারিক। ছাত্রছাত্রীদের বিভিন্ন ভবিষ্যৎ ইচ্ছার কথা জেনে আধিকারিক গৌরব বন্দ্যোপাধ্যায় জানান, সরকারি-বেসরকারি চাকরি, বিজনেস নার্সিং ইত্যাদি জীবিকা ছোটবড় যেমনই হোক পূর্বপ্রস্তুতি জরুরি।
জানা গেল, উৎকর্ষ বাংলার মাধ্যমে রাজ্য সরকার চাকরিপ্রার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে থাকে। মেক আপ আর্টিস্ট ইত্যাদি হতে চাইলেও বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়া যায়। ব্যবসা করতে চাইলে সরকার নানা খাতে ঋণ দেয়।
গৌরববাবু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানান, বিজনেসের জন্য ডিগ্রি না জানলেও বিষয়ের জ্ঞান থাকলে শুরু করা সম্ভব। মাধ্যমিকের পর আইটিআই বা পলিটেকনিক পড়া যায়। মাধ্যমিক উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়া যায়।
প্রাথমিক, উচ্চপ্রাথমিক আর উচ্চমাধ্যমিকের বিভিন্ন স্তরে কিভাবে প্রস্তুতি নিতে হয় সেটাও বললেন আধিকারিকরা।
প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত বলেন, উৎকর্ষ বাংলার মাধ্যমে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এ বিষয়ে ছাত্রছাত্রীরা এখন থেকেই সমৃদ্ধ হোক সেটাই আমরা চাই।
2
বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের সহায়তা প্রদান
রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের সহায়তা প্রদানের কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের কাজ পূর্ব বর্ধমান জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো। এই উপলক্ষ্যে জেলাশাসকের অফিস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল প্রমুখ। এ প্রসঙ্গে জানাতে গিয়ে রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও স্বপন দেবনাথ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচী শুরু করা হলো। এর ফলে নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক সহায়তা পাবেন। রাজ্য সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। তাদের নানাভাবে সহযোগিতা করে চলেছেন মুখ্যমন্ত্রী। কৃষকরা বিভিন্ন প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। জেলাশাসক বলেন, এদিন আনুষ্ঠানিকভাবে জেলার কয়েকজন কৃষকের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত মন্ত্রীদের মাধ্যমে এই সহায়তা প্রদানের কাজটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
3
নতুন উপাচার্যকে শুভেচ্ছা জ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে কাজে যোগদান করেছেন অধ্যাপক ডক্টর শংকর কুমার নাথ। উপাচার্যের দপ্তরে গিয়ে তাঁকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এ প্রসঙ্গে তিনি জানান, উপাচার্যের সঙ্গে এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যমূলক। স্বপনবাবু বলেন, আমি নিজেও এক সময় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখানেই পড়াশোনা করেছি। তাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার একটা আলাদা অনুভূতি রয়েছে। নতুন উপাচার্য কাজে যোগ দিয়েছেন। উপাচার্যের সম্মান আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘ কর্মময় জীবন কামনা করেছি।


