স্ট্রেটকাট নিউজ ও ডিয়াক-এর উদ্যোগে দুর্গাপূজা শারদ সম্মান প্রদান
দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিবছরই বিভিন্ন নিউজ চ্যানেল সহ নানান সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শারদ সম্মান প্রদান করা হয়ে থাকে। এর মধ্যে বেশিরভাগই বিচারকদের বিচার পর্ব শেষে পুজোমন্ডপে শারদ সম্মান তুলে দেন পুজো উদ্যোক্তাদের হাতে। কিন্তু এই ধারাবাহিকতার বাইরে বেরিয়ে এসে একটু অন্যরকম ভাবে দুর্গাপূজা শারদ সম্মানের আয়োজন করেছিল স্ট্রেটকাট নিউজ ও ডিয়াক পারফর্মিং আর্ট এন্ড কালচার ফাউন্ডেশন। তাদের যৌথ উদ্যোগে বর্ধমানের পান্থশালা সভাগৃহে শহরের বিভিন্ন সেরা দুর্গাপূজা কমিটিগুলিকে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত দর্শক মন্ডলীর মুহুর্মুহু হাততালি এবং সংগীত ও যন্ত্র শিল্পীদের সুরের মূর্ছনার মাঝে এদিন সেরা পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়। এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইভ বেঙ্গল গার্লস ব্যাটেলিয়ান এনসিসি বর্ধমান — এর কমান্ডিং অফিসার কর্নেল পঙ্কজ কুমার সিনহা, অধ্যাপক ও ইতিহাসবিদ সর্বজিৎ যশ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও গবেষক সুভাষচন্দ্র দত্ত, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক তথা পরিবেশবিদ গাছমাস্টার অরূপ চৌধুরী, দুর্গাপুজো সমন্বয় সমিতির সম্পাদক সুকান্ত দাস প্রমুখ। উপস্থিত ছিলেন এই দুর্গাপূজা শারদ সম্মান ২০২৫ এর অন্যতম দুই বিচারক সন্দীপ চক্রবর্তী ও শতাব্দী বিশ্বাস।
এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে সেরা বড় পুজোর সম্মান পেয়েছে আলমগঞ্জ বারোয়ারি ও সর্বমিলন সংঘ। সেরা প্রতিমার সম্মান অর্জন করেছে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ ও পাড়াপুকুর সার্বজনীন পূজা কমিটি, সেরা থিমের পুজো হিসেবে পুরস্কৃত হয়েছে বিবেকানন্দ সেবক সংঘ ও কেশবগঞ্জ বারোয়ারি। সেরা পুজোমন্ডপের সম্মান পেয়েছে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গাপূজা কমিটি এবং সবুজ সংঘ। সেরা আলোকসজ্জার সম্মান অর্জন করেছে বাদামতলা বারোয়ারি দূর্গা পূজা কমিটি। সেরা ব্যবস্থাপনায় পুরস্কৃত হয়েছে ইছলাবাদ কিরণ সংঘ দূর্গা পূজা কমিটি। এছাড়াও বিশেষ পুরস্কার হিসেবে, পরিবেশ বান্ধব মন্ডপ সজ্জায় পুরস্কৃত হয়েছে বেলপুকুর কিশোর সংঘ, উদয় পল্লী। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সেরা পুজো কমিটিগুলির উদ্যোক্তাদের হাতে পুষ্পস্তবক ও স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অতিথি শিল্পী অলোক দাস, গার্গী দত্ত ও সৌরভ রায়। যন্ত্রসঙ্গীতে ছিলেন পলাশ দাস, সুনীল দাস এবং অনুপম রায়। নৃত্যানুষ্ঠানে অংশ নেন মেঘদ্বীপ ডান্স একাডেমির প্রশিক্ষার্থীরা। পরিচালনায় ছিলেন অঙ্কিতা তা। একক নৃত্য পরিবেশন করেন কুন্তল রায়। সুচারুভাবে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সন্দীপ চক্রবর্তী ও সুদেষ্ণা আচার্য।
মূল অনুষ্ঠানের শেষে এদিন স্ট্রেটকাট নিউজ ও ডিয়াক পরিবারের সদস্যরা সংগীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সুমন মুখার্জী ও পৌলমী মুখার্জী। কথায়, গানে, নৃত্যে ও কবিতায় এদিনের এই অনুষ্ঠানটি প্রাণময় হয়ে ওঠে। উপস্থিত দর্শক মন্ডলীর মন জয় করে নেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীরা সকলেই।


