1
সৌভ্রাতৃত্বের বার্তা নিয়ে স্কুটিতে চেপে ৬০০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম
সৌভ্রাতৃত্বের বার্তা সারা দেশের বুকে ছড়িয়ে দিতে এবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের রাজাপুর গ্রাম থেকে স্কুটিতে চেপে ছয় হাজার কিলোমিটারও বেশি পথ অতিক্রম করলেন স্কুল শিক্ষিকা সুতপা দাস। তিনি জানান, এবারে তিনি মোট সাতেরোটি রাজ্যের উপর দিয়ে গেছেন। অতিক্রম করেছেন ৬৪৪১ কিলোমিটার পথ। এবার মূলত সোনালী চতুর্ভুজ রোড ট্রিপে বের হয়েছিলেন তিনি। সুতপা দেবী জানান, প্রথমে তিনি উত্তর ভারত, তারপর মধ্যভারত, এরপর পশ্চিম ভারত এবং শেষে দক্ষিণ ভারত হয়ে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসেন। তিনি জানান, এর আগে চার চাকা গাড়িতে তিনি সোনালী চতুর্ভূজ রোড ট্রিপ করেছিলেন। কিন্তু এবারে তিনি গেছেন স্কুটিতে চেপে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য দিয়ে যাওয়ার পথে বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে তাকে। ফলে এবারের অভিযান ছিল যথেষ্টই কষ্টকর। তবু বহু স্থানীয় মানুষের সাহায্য পেয়েছেন সেখানে। তাদের আন্তরিকতা তার এই অভিযানকে সফল করতে সাহায্য করেছে। এছাড়াও তিনি মনে করেন, তার পরিবারের সদস্যরা ও বন্ধুবান্ধবরা যে শুভেচ্ছা ও শুভকামনা প্রথমেই জানিয়েছিলেন, তা তার এই অভিযান সকলে সহযোগী হয়েছে। তিনি বলেন, এই সামাজিক সচেতনতামূলক বার্তা প্রচারে সংবাদমাধ্যমগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে সৌভ্রাতৃত্বের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তিনি অনেকটাই সফল হয়েছেন।
2
পোলিও দিবসে পোলিও নিয়ে সতর্কীকরণে র্যালি
বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্টার্ট আপ ফাউন্ডেশন এবং রোটারি ইন্টারন্যাশানালের অধিনস্ত সাতটি ক্লাব-এর যৌথ উদ্যোগে বর্ধমান পুলিশ লাইন থেকে বাদামতলা অরবিন্দ স্টেডিয়াম পর্যন্ত ওয়াকাথন আয়োজিত হল। সূচনা করেন জেলা পুলিশের উপ আরক্ষাধ্যক্ষ পার্থ রায়। এই র্যালিতে আয়োজকরা ছাড়াও অংশ নেয় বিভিন্ন স্কুল-কলেজের এন.এস.এস. ও এন.সি.সি.র ছাত্রছাত্রীরা সহ তিন শতাধিক আগ্রহী মানুষজন। এদিন একটি সুদীর্ঘ পোলিও পতাকা সকলে বহন করে নিয়ে যান। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, ভারতে পোলিও নির্মূল হলেও পাশ্ববর্তী দেশে বর্তমানে পোলিও আক্রান্ত রয়েছে, যার থেকে এখানে সংক্রমণের আশঙ্কা থাকে। তাই একশো শতাংশ পোলিও টিকাকরণের লক্ষ্যে এহেন সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। যা বিগত বেশ কয়েক বছর ধরেই আয়োজিত হয়ে আসছে। উপস্থিত ছিলেন চিকিৎসক চন্দ্রজিৎ কুন্ডু , সমাজকর্মী সুখমিন্দর সিং , চন্দন রায় , পল্লবী মাঝি সহ অন্যান্যরা।


