1
জলপাইগুড়ির নাগড়াকাটায় বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ
নাগড়াকাটা হলো উত্তরবঙ্গের জলপাইগুড়ির প্রত্যন্ত একটি ব্লক। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ব্লকের বিস্তীর্ণ এলাকা। অসহায় অবস্থার মধ্যে রয়েছেন সেখানকার বহু মানুষ।
এই খবর জানতে পারার পর খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের নেতৃত্বে সেখানে পৌঁছন তার সহযোদ্ধারা। সঙ্গে নিয়ে আসেন চাল, শাড়ি, লুঙ্গি, গামছা, বাচ্চাদের জন্য উলিকটের পোষাক, ব্ল্যাঙ্কেট সহ অন্যান্য পোষাক সামগ্রী। অপার্থিব বলেন, আমরা এইভাবেই প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়াই। চেষ্টা করি তাদের যতটা সম্ভব সহায়তা করার। এখানে প্রতি পরিবার পিছু ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। খণ্ডঘোষ থেকে ২০ কুইন্টাল চাল নিয়ে এসেছি আমরা। সেই চাল ভাগ করে দেওয়া হয়েছে। অপার্থিবর সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন শেখ শাহাদ আলী ওরফে লকাই, মিলন চৌধুরী, মিঠু মন্ডল, সাবির মিদ্যা, রাজেশ সাহানা। তারা সকলেই এখানে এই ত্রাণ সামগ্রী বন্টনের কাজে হাত লাগান। প্রত্যেকেই বলেন, এখানকার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোটা তাদের কর্তব্য বলেই তারা মনে করেন। আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তারা এখানে এসেছেন। অপার্থিব ইসলাম বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা বিধ্বস্ত এই সমস্ত এলাকা আগেই পরিদর্শন করে গেছেন। ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন। আমরা তার অনুগত সৈনিক হিসেবে এখানে এসেছি। অসহায় মানুষদের পাশে যতোটুকু সম্ভব সহায়তা প্রদানের চেষ্টা করেছি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের এইভাবে অসহায় মানুষদের পাশে থাকার কথা বলেছেন। আমরা তাঁর সেই কথাকে মান্যতা দিয়ে এখানকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
2
শ্যামাপুজোকে কেন্দ্র করে অন্নভোগের আয়োজন
প্রতি বছরের মতো এ বছরও শ্যামাপুজো উপলক্ষে মিঠাপুকুর অপরাজিত সংঘের উদ্যোগে সকল জনসাধারণের জন্য বিরাট অন্নভোগের আয়োজন করা হয়। প্রায় তিন হাজার মানুষ এখানে অন্নভোগ গ্রহণ করেন। এই কর্মসূচীর সূচনা করেন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। ছিলেন বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তারা দুজনেই এখানে নিজে হাতে ভোগ বিতরণ করেন। সুশান্ত প্রামাণিক জানান, বছরের বিভিন্ন সময়ে মিঠাপুকুর অপরাজিত সংঘ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। রক্তদান থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, গরীব অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী প্রদান, এলাকার ছোট ছোট খুদে পড়ুয়াদের অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পড়াশোনা করানো এইসব কাজই তারা করে থাকেন। এই বিষয়ে অপরাজিত সংঘের সভাপতি প্রণবরঞ্জন ব্যানার্জী বলেন, আমরা সারা বছরই এলাকার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা দিয়ে থাকি। ভবিষ্যতেও এই পরিষেবা দেওয়ার কাজ তারা চালিয়ে যাবেন। মানুষকে পাশে নিয়ে মানুষের জন্য কিছু করাটাই হলো তাদের অন্যতম লক্ষ্য।


