প্রয়াত হলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা বংশীবদন রায়
শুক্রবার সকালে প্রয়াত হলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা বংশীবদন রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। খন্ডঘোষ বিধানসভা কেন্দ্র থেকে ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। এদিন সকালে হঠাৎ করেই প্রয়াত হন। বংশীবদন রায় বিশিষ্ট সংগীত শিল্পীও ছিলেন। বহু ছাত্রছাত্রীকে তিনি গান শিখিয়েছেন। তার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। দুজনেই টেলিফোনে তাদের শোকজ্ঞাপন করেছেন। তাদের হয়ে মৃতদেহে মাল্যদান করেছেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম।বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার হয়েও মাল্য দেন করেন অপার্থিব ইসলাম। বংশীবদন বাবু বর্তমানে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়ের কাকা হন। প্রবীণ এই নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব সুশান্ত ঘোষ, উত্তম সেনগুপ্ত প্রমুখ। তার প্রয়াণের খবর পেয়ে ব্লকে তৃণমূল কংগ্রেসের বহু নেতা ও কর্মী তার বাড়িতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অপার্থিব ইসলাম বলেন, বংশীবদন রায় তার যৌবন কাল থেকেই কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পর, ২০০১ এ প্রথম বিধানসভা নির্বাচনে খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হন। অপার্থিব বলেন, আমরা তখন বয়সে তরুণ। দল পরিচালনার ক্ষেত্রে সেই সময় থেকেই তার পরামর্শ পেয়েছি। তার মত যোগ্য নেতৃত্বকে হারিয়ে আজ আমরা প্রত্যেকেই শোকাহত। তার মৃত্যু এখানে দলের কাছে এক অপূরণীয় ক্ষতি।


