সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন II বিশ্ব বই দিবস পালন


1
সন্ত্রাসবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বর্ধমান সাধারণ নারী ঐক্য মঞ্চের উদ্যোগে মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এদিন বর্ধমান টাউন হল ময়দানে উপস্থিত সাধারণ নারী ঐক্য মঞ্চের সদস্যরা বলেন, কাশ্মীরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদের কোনো ভাষা নেই। সেখানে নির্মমভাবে অসহায় মানুষদের হত্যা করা হয়েছে। ২৮ জন শহীদ হয়েছেন। তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এদিন এই নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে তারা এক মিনিট নীরবতাও পালন করেন। প্রসঙ্গত জানা গেছে, বর্ধমান সাধারণ নারী ঐক্যমঞ্চের তরফ থেকে তাদের পত্রিকা ফোল্ডারের দ্বিতীয় সংখ্যাও প্রকাশ করা হয়।

2
বিশ্ব বই দিবস পালন

২৩ এপ্রিল ছিল বিশ্ব বই দিবস। এই উপলক্ষ্যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের কালনা গেটের কাছে রবীন্দ্রপল্লীতে গণকণ্ঠ লাইব্রেরী, গণকন্ঠ লিটল ম্যাগাজিন লাইব্রেরী, সামাজিকীকরণ বার্তা, দা ফ্রি থিংকিং সহ বিভিন্ন পত্রপত্রিকার উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় জিনি কম্পিউটার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তারা বলেন, সমাজ থেকে যাবতীয় অন্ধকার দূর করতে গেলে আলোর সন্ধানে বই একমাত্র উপযোগী মাধ্যম। তাই ছাত্রাবস্থা থেকেই ছেলে-মেয়েদের হাতে বই তুলে দেওয়া আবশ্যক। এ বিষয়ে তাদের মতামত জানায় উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে অর্ক পাল, তামান্না সোনকার, পিংকি পাল, তিয়াসা পাল, মনীষা পাল, আকাশ রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জীব মন্ডল। বই পড়ার উপযোগিতা বিষয়ে তারা ভবিষ্যতে আরও উদ্যোগী হবেন বলে আয়োজকদের তরফ থেকে জানানো হয়।