শ্রীরামচন্দ্রের মতো পর্ণকুটিরে থেকেই আবাসন দপ্তরের দায়িত্ব পালনে আগ্রহী কলিতা


শ্রীরামচন্দ্রের মতো পর্ণকুটিরে থেকেই আবাসন দপ্তরের দায়িত্ব পালনে আগ্রহী কলিতা

শ্রীরামচন্দ্র যেমন পর্ণকুটিরে বাস করেছেন, তাসত্ত্বেও তিনি রাম রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এদেশের বুকে, তাই ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শ অনুসরণ করেই নিজের ছোট কুটিরে থেকেই রাজ্যে আবাসন দপ্তরের দায়িত্ব সামলাতে চান পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বিধায়ক তথা রাজ্যের আবাসন মন্ত্রী কলিতা মাঝি। তিনি বলেন, কুঁড়েঘরে থাকা মানুষদের যে কি পরিস্থিতি হয় তা তিনি নিজে সারা জীবন উপলব্ধি করেছেন। অধিকাংশেরই বাড়ির মাথার ছাদ ভালোমতো থাকে না। ফলে বর্ষায় জল পড়লে ঘটি বাটি হাঁড়ি পেতে ঘরের ভিতরে জলের স্রোত আটকাতে হয়। তাই সমাজে এই শ্রেণীর মানুষদের যাতে মাথার ওপরে যথাযথ ছাদের ব্যবস্থা করা যায়, সেই প্রচেষ্টা তিনি নেবেন বলে জানান কলিতা। তাছাড়া সমাজে অসহায় যে সমস্ত মহিলারা একা রয়েছেন, তারাও যাতে ভালোভাবে থাকতে পারেন সেদিকেও তার নজর থাকবে। তিনি বলেন, আমার ঘরের ছাদেও অ্যাসবেস্টাস রয়েছে। ছাদের পুরোটা এখনও ঢাকা দিতে পারিনি। এই পরিস্থিতিতেই আমাকে কাটাতে হয়েছে। এখনও আমি সেইভাবেই জীবন কাটাতে চাই বলে উল্লেখ করেন কলিতা মাঝি। মন্ত্রী হয়েও নিজের জন্য আলাদা কোনো ভাবনা-চিন্তা তার নেই। তিনি ভাবতে চান সমাজের সেইসব মানুষদের কথা, যারা সত্যিই ঘরের অভাবে অসহায়ের মতো জীবনযাপন করেন। কারণ সেই মানুষদের ভেতর থেকেই তার উঠে আসা। কলিতা বলেন, যখন আমি জানতে পারি আবাসন দপ্তরের মন্ত্রী হয়েছি তখন খুব ভালো লেগেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে। তাঁরা আমার মতো একজন মানুষকে যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি অবশ্যই চেষ্টা করবো সেই দায়িত্ব পালন করার। চেষ্টা করবো রাজ্যের মানুষের জন্য কাজ করার।