শুরু হলো পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা

শুরু হলো পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে বর্ধমানের টাউন হল ময়দানে শুরু হলো পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা। এই মেলার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে এই মেলার সূচনা পর্বের অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার,বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারি সভাধিপতি গার্গী নাহা, রাজ্য খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের বোর্ডের সদস্য তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, খাদি দপ্তরের আধিকারিক মানস গোস্বামী প্রমুখ।

এদিন খাদি মেলার আনুষ্ঠানিক সূচনা করে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, খাদি শুধুমাত্র একটা শিল্প নয়, খাদি হলো একটা আন্দোলন। পরাধীন ভারতে বিদেশী সামগ্রী বর্জনের ডাক দিয়ে খাদির বস্ত্র পরিধান করেছিলেন সে সময় হাজার হাজার দেশবাসী। যা আজও একটা দৃষ্টান্ত।
স্বপনবাবু বলেন, তুলো থেকে সুতো তৈরী করা হয়, আর সুতো থেকে তৈরী হয় কাপড়। বর্তমান সময়ে খাদির প্রসার বেড়েছে। একটা সময় বলা হত প্রবীণরাই শুধুমাত্র খাদির জামাকাপড় পরিধান করেন। কিন্তু এখন নবীন প্রজন্মের ছেলেমেয়েরাও খাদির জামাকাপড় পরছেন। এর অন্যতম কৃতিত্ব হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি আধুনিক ডিজাইনে খাদির জামাকাপড় তৈরীর বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ফলে নতুন প্রজন্মের কাছে খাদির আকর্ষণ বেড়েছে। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে। স্বপন দেবনাথ এরপর স্থানীয় বিভিন্ন শিল্পের বাণিজ্যিক প্রসারে সহযোগিতা করার জন্য উপস্থিত অতিথিবর্গের কাছে আহ্বান জানান।