1
দলের প্রতিষ্ঠা দিবসে মিষ্টি বিতরণ ২৯ নম্বর ওয়ার্ডে
সারা রাজ্যের সঙ্গে বর্ধমান শহরেও তৃণমূল কংগ্রেস দল তার ২৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো। এই উপলক্ষ্যে শহরের ২৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। ছিলেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণবরঞ্জন ব্যানার্জী সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, দল আমাদের যেভাবে নির্দেশ দেবে সেই মতো দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তা আমাদের পালন করতে হবে। প্রতিটি দলীয় কর্মসূচীকে সফল করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের যে চাহিদা ও প্রত্যাশা তা পূরণ করতে হবে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করা হয়েছিল মা মাটি মানুষের শব্দবন্ধনে। তাই মানুষকে সঙ্গে নিয়ে পথচলাটাই হলো এই দলের লক্ষ্য। যে লক্ষ্য নিয়ে ১৯৯৮ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দেন এবং দলকে এগিয়ে নিয়ে যান। সেই দল আজ রাজ্যে সরকারে ক্ষমতায় রয়েছে। এর সমস্ত কৃতিত্বই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। (পজ্)
সুশান্ত প্রামাণিক বলেন, আমরা সারা বছর এই ওয়ার্ডে বাসিন্দাদের পাশে থেকে তাদের চাহিদা পূরণে সচেষ্ট থাকি। নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একজন জনপ্রতিনিধির যে দায়িত্ব সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। এই কাজে দলের নেতৃত্ব ও কর্মীরা সবসময় সহযোগিতা করেন। ২৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচীতে সাধারণ মানুষদের মিষ্টিমুখ করানো হয়।
2
তৃণমূল কংগ্রেসের ২৮ তম জন্মদিনে ২৮ কেজি ওজনের কেক কাটা হলো জামালপুরে
তৃণমূল কংগ্রেসের ২৮ তম জন্মদিন ২৮ কেজি ওজনের কেক কেটে পালন করা হলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে মহা সমারোহে দলের ২৮ তম জন্মদিন পালন করা হয়। ১ জানুয়ারি ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষ্যে জামালপুর ব্লক পার্টি অফিসে এক অভিনব অনুষ্ঠান করা হয়। সেখানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি ও প্রধান ও উপ-প্রধানরা। দলের পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি। দলের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলি মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। প্রসঙ্গত, জামালপুর মানেই সবসময় একটা আলাদা ব্যাপার থাকে। তাই দলীয় পতাকা উত্তোলন করে ৪/৪ ফুট সাইজের ২৮ কেজি ওজনের কেক কেটে এদিন দলের জন্মদিন পালন করেন বিধায়ক, ব্লক সভাপতি সহ নেতৃত্বরা। মেহেমুদ খান বলেন, ব্লক তৃণমূল পার্টি অফিসে দলের জন্মদিন পালন করেন তারা। যেহেতু ২৮ তম বছর তাই তারা ২৮ কেজি ওজনের কেক কেটেছেন। তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আজ দল ক্ষমতায় এসেছে। তাঁরা সকলে মিলে একত্রিত ভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে অন্তত ৫০ হাজার ভোট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন বলে উল্লেখ করেন মেহেমুদ। (পজ্)
বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন, যে আজ তাঁকে জাতীয় রাজনীতির মুখ বলে ভাবা হচ্ছে। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের।


