শহরে বিজেপি কর্মীদের পক্ষ থেকে পথচারীদের লাড্ডু বিতরণ ও কবিগুরুর জন্মদিন পালন
২৫ বৈশাখ ছিল ব্রিগেড সমাবেশের মহারণ। একদিকে যখন কলকাতার ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছে, ঠিক তখনই বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জেন গেট চত্বরে দেখা গেল এক উৎসবমুখর পরিবেশ। ব্রিগেডে শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং দলীয় উদ্দীপনা বজায় রাখতে এদিন সকাল থেকেই উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বিজেপি কর্মীরা। এদিন বর্ধমানের কার্জন গেট এলাকায় জড়ো হতে থাকেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। হাতে দলীয় পতাকা এবং মুখে জয়ধ্বনি দিয়ে এলাকা কার্যত সরগরম করে তোলেন তারা। তবে শুধু নিজেদের মধ্যেই আনন্দ সীমাবদ্ধ রাখেননি কর্মীরা। পথচলতি সাধারণ মানুষ, রিকশাচালক থেকে শুরু করে বাসের যাত্রী— সকলকেই লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করান তারা। পাশাপাশি রবীন্দ্রনাথের জন্মদিনও পালন করেন সকলে।
বিজেপি কর্মীদের দাবি, আজকের ব্রিগেড সমাবেশ কেবল একটি সভা নয়, এটি পরিবর্তনের শপথ নেওয়ার দিন। এই আনন্দের বহিঃপ্রকাশ হিসেবেই তারা সাধারণ মানুষের সঙ্গে এই খুশি ভাগ করে নিচ্ছেন।
শহরের অন্যতম ব্যস্ত এলাকা হওয়ায় লাড্ডু বিতরণের সময় ভিড় সামলাতে কিছুটা হিমশিম খেতে হয় উদ্যোক্তাদের। তবে সাধারণ মানুষের মধ্যেও এই মিষ্টি গ্রহণ নিয়ে বেশ উৎসাহ দেখা গেছে। সব মিলিয়ে ব্রিগেডের রেশ বর্ধমান শহরেও পেলেন আপামর মানুষ।


