মেমারিতে ধুসি নদী থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
জেলার মেমারি থানার দেবীপুর অঞ্চলের মহেশপুর গ্রামে ধুসি নদী থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার নদীর ধারে কিছু মানুষ একটি দেহ ভাসছে দেখতে পান। কাছে গিয়ে দেখা যায়, এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ নদীতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। দেহটি এতটাই ক্ষতবিক্ষত ছিল যে প্রথমে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, হেতমপুর গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন নবমী রাজমূল্য দাস (৬৫) গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পরনের পোশাক দেখে তাকে শনাক্ত করেন। তেমনই দাবি করেছেন তারা। যদিও পুলিশী তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং মৃতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। কীভাবে ওই মহিলার মৃত্যু হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।


