1
মেডিক্যাল এডুকেশনের রিজিওন্যাল সেন্টার গড়ায় আগ্রহী বর্ধমান মেডিক্যাল
কর্তৃপক্ষ
আবারও একটি বড়ো সাফল্যের পথে এগিয়ে যেতে চলেছেন বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বর্ধমান মেডিক্যাল আগ্রহ প্রকাশ করেছে মেডিক্যাল এডুকেশনের রিজিওন্যাল সেন্টার গড়ার ব্যাপারে। সম্প্রতি বর্ধমান মেডিক্যালের কলেজ কাউন্সিলের বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে। এই ব্যাপার ন্যাশানাল মেডিক্যাল কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হবে বর্ধমান মেডিক্যালের পক্ষ থেকে। রিসোর্স পার্সন, ফ্যাকাল্টি থেকে শুরু করে পরিকাঠামোর দিক থেকে কোনোই সমস্যা হবে না বলে মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি। তাই তারা এ ব্যাপারে এগিয়ে যেতে চাইছেন।
জানা গেছে, চিকিৎসক শিক্ষকদের পদোন্নতির জন্য মেডিক্যাল এডুকেশনের রিজিওন্যাল সেন্টারে যেতে হয়। সেখানেই তাঁদের বিভিন্ন পরীক্ষা বা টেস্ট দিতে হয়। এই রিজিওন্যাল সেন্টার রয়েছে মেঘালয়ের শিলং-য়ে। পদোন্নতির জন্য বিভিন্ন জায়গা থেকে তাই চিকিৎসক শিক্ষকদের শিলং যেতে হয়। পাশাপাশি, পরীক্ষকদেরও যেতে হয়। চিকিৎসকদের এই ক্ষেত্রে এই দূরবর্তী স্থানে যাওয়াটা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। তাই বর্ধমান মেডিক্যাল এই সেন্টার খুলতে চায় এখানে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এবং পার্শ্ববর্তী রাজ্যের বিশেষ উপকার হবে বলে মনে করা হচ্ছে।
বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলেজ কাউন্সিলের বৈঠকে এই বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে ন্যাশানাল মেডিক্যাল কমিশনের কাছে ই-মেল করবো।
2
মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ভোট রক্ষা অভিযান জেলাজুড়ে চলবে, জানালেন রবীন্দ্রনাথ
ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের নাম ঢুকিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চাইছে কেন্দ্রীয় সরকারের চালিকাশক্তি ভারতীয় জনতা পার্টি। এই বিষয়টি অনুধাবন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোরে আয়োজিত দলীয় সভায় এ বিষয়ে দলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে সজাগ থাকার কথা বলেন। তারপর থেকেই রাজ্যজুড়ে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ শুরু করেন। এই পর্যবেক্ষণের কাজ চলছে পূর্ব বর্ধমান জেলাতেও। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সভায় দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জেলাজুড়ে ভোট রক্ষা অভিযান চলছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো প্রত্যেক এলাকার ভোটাররা যেন তাদের ভোট নিজে দিতে পারেন। কোনোভাবেই সেই ভোটার তালিকায় যেন ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো সম্ভব না হয়। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় স্তরে সর্বত্র নজর রাখার কাজ শুরু হয়েছে। দলের নেতৃত্ব ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পর্যবেক্ষণ করছেন। প্রত্যেক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এ ব্যাপারে প্রত্যেক ভোটারকে সচেতন করা হচ্ছে। এই কাজ এখন ধারাবাহিকভাবে জেলা জুড়ে চলবে বলে জানান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
এদিনের সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, আরেক মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়ক শম্পা ধাড়া, বিধায়ক অলোক মাঝি,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক ও বাগবুল ইসলাম, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল প্রমুখ।
এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক জানান, সারা জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণের কাজ করছেন। বর্ধমান শহরেও ৩৫টি ওয়ার্ডে এই কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে এই ভোট রক্ষা অভিযানে তারা প্রত্যেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।


