এস এফ আই -এর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং II জেলায় ছাত্র যুবদের কাছে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের বার্তা দুই বাম ছাত্র -যুব সংগঠনের II সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্মেদকরের জন্মদিবস পালন জামালপুরে


1
এস এফ আই -এর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং

বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার পরবর্তীতে ক্যারিয়ার কাউন্সিলিং করা হলো। উপস্থিত ছিলেন বর্ধমান শহর এবং রাজ্যের ABTA এর শিক্ষকেরা। ছাত্র-ছাত্রীদের শিক্ষার ভবিষ্যতের কথা মাথায় রেখে এই কাউন্সিলিং করা হয়। আজকে একদিকে নয়া উদারবাদের ফলে অর্থনৈতিক সংকট আর অন্যদিকে রাজ্যজুড়ে নিয়োগ দুর্নীতি, দেশব্যাপী কর্মসংস্থানের অনিশ্চয়তা, সংকট – স্কুল জীবনের শেষের দিকে থাকা ছাত্রছাত্রীরা তাদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। এই পরিস্থিতিতে তাদের সামনের সবকটা সম্ভাবনার কথা তাদের কাছে তুলে ধরতে এসএফআই-এর এই উদ্যোগ – এমনটাই জানাচ্ছেন এসএফআই নেতৃত্ব। আগামীদিনেও মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হলে আবারও ক্যারিয়ার কাউন্সেলিং এর উদ্যোগ নিয়ে বৃহৎ পরিসরে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনা নিয়েছে এসএফআই বলে জানা গেছে।

2
জেলায় ছাত্র যুবদের কাছে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের বার্তা দুই বাম ছাত্র -যুব সংগঠনের

শুরু হলো বাংলা বছর ১৪৩২। আর বাংলা বছরের শুরুতেই বাংলা নববর্ষের শুভেচ্ছা নিয়ে নতুন বছরে নতুন লড়াইয়ের বার্তা নিয়ে ছাত্র-যুবদের কাছে পৌঁছানো হলো বামপন্থী ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। বর্ধমান শহর ২ ডিওয়াইএফআই ও এসএফআই বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে আগামী দিনে ছাত্র যুবদের স্বার্থে লড়াইয়ের দাবির পাশাপাশি আগামী ২০ এপ্রিল ৪টি বাম শ্রেণী সংগঠনের ডাকে সংগঠিত হতে চলা ব্রিগেড সমাবেশে কেন ছাত্র যুবদের অংশগ্রহণ করা প্রয়োজন, সেই আহ্বান জানিয়ে বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পরিবারের ছাত্র – যুবদের কাছে এদিন পৌঁছানো হয়। পাশাপাশি পাড়ার মোড়, আড্ডার ঠেক, ক্যারামের আড্ডাতেও এই ব্রিগেড চলোর বার্তা নিয়ে পৌঁছানো হয় এই দুই সংগঠনের পক্ষ থেকে। নেতৃত্বরা জানান, সব ক্ষেত্রেই ভালো সাড়া পাওয়া গেছে।

3
সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্মেদকরের জন্মদিবস পালন জামালপুরে

জামালপুরে, ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন করা হলো। জামালপুর ব্লক অফিসে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান,বি সি ডাব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জী সহ এলাকার স্থানীয় ছাত্রছাত্রীরা । তাঁরা সকলেই ভীমরাও আম্বেদকরের ছবিতে মাল্যদান করেন। বিধায়ক তাঁর বক্তব্যে বাবা সাহেব আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সকলকে নিয়ে সংবিধানের প্রস্তাবনা অংশটি পাঠ করেন। মেহেমুদ খান বলেন, আজ যে ভারতবর্ষ স্বাধীন দেশ হিসাবে পরিগণিত হয় তার কারণ ভারতের নিজস্ব একটি সংবিধান আছে। আর এই সংবিধান লিখেছিলেন বাবাসাহেব আম্বেদকর। তাঁর লিখে যাওয়া সংবিধানকে আমাদের সকলকে রক্ষা করতে হবে। সংবিধানকে আমাদের মেনে চলতে হবে। উপস্থিত ছাত্রছাত্রীরাও বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বক্তব্য রাখেন। (পজ্)

জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসেও সম্মান ও মর্যাদা সঙ্গে বাবাসাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। তাঁর ছবিতে মাল্যদান করেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সকল অঞ্চল সভাপতিবৃন্দ।