মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা জানালো এসএফআই ও ডিওয়াইএফআই II বর্ধমান হরিসভার শ্রী শ্রী শ্রীধর জিউয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে পদযাত্রা II কার্ল মার্কসের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি


1
মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা জানালো এসএফআই ও ডিওয়াইএফআই

২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হয়েছে ২ মে। এবারের মাধ্যমিক পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলায় সম্ভাব্য মেধা তালিকা অনুযায়ী রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছে নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহম্মদ সেলিম, তার প্রাপ্ত নম্বর ৬৯২। সপ্তম হয়েছে আউশগ্রামের আমড়াগড় হাইস্কুলের ছাত্র সৌরিন রায়, তার প্রাপ্ত নম্বর ৬৮৯। অন্যদিকে ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী পাপড়ি মন্ডল। আর ৬৮৭ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র পরমব্রত মন্ডল। এদের সকলের কাছে পৌঁছে তাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এই কর্মসূচীতে অংশ নেন এসএফআইয়ের জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী, সভাপতি প্রবীর ভৌমিক সংগঠনের রাজ্য কমিটির সদস্য অয়ন মন্ডল, জেলা কমিটির সদস্য জয়া মাঝি, অমৃত রায়, সৌরভ দাস প্রমুখ। অন্যদিকে ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে এই কর্মসূচীতে অংশ নেন সংগঠনের জেলা সম্পাদক শুভাশীষ মিত্র, সংগঠনের রাজ্য কমিটির সদস্য মিজানুল কবীর ধীরাজ, সম্পাদক মন্ডলীর সদস্য অনির্বাণ রায় চৌধুরী, সূর্যেন্দু বোস, তন্ময় দত্ত, সংগঠনের জেলা কমিটির সদস্য অতনু ঘোষ, রাকেশ রোশন প্রমুখ। এ প্রসঙ্গে উষসী রায় চৌধুরী বলেন, সবার জন্য লেখাপড়ার দাবিতে আমাদের লড়াই জারি রয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় যারা বিশেষভাবে কৃতিত্ব অর্জন করেছে আমরা তাদের কাছে এসে শুভেচ্ছা জানালাম। আমরা চাই তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক। আগামী দিনে তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করুক।

2
বর্ধমান হরিসভার শ্রী শ্রী শ্রীধর জিউয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে পদযাত্রা

বর্ধমান হরিসভার শ্রী শ্রী শ্রীধর
জিউয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে ধর্মীয় নামকীর্তন সহ পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় অংশ নেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট সমাজসেবী তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, স্থানীয় কাউন্সিলর অজিত খান, সমাজসেবী শীর্ষেন্দু সাধু সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও ভক্তবৃন্দ। এই পদযাত্রা এদিন স্থানীয় এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। বিধায়ক খোকন দাস বলেন, শ্রীধর জিউয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে এখানে এই ধর্মীয় নামকীর্তন সহ পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে চেয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে এসেছেন ধর্ম যার যার উৎসব সকলের। তাই এই ধরনের উদ্যোগে সমাজের সকল শ্রেণীর মানুষের উপস্থিতি আমরা কামনা করি। আমরা পারস্পরিক সহাবস্থানে বিশ্বাসী। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই পদযাত্রার আয়োজন

3
কার্ল মার্কসের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি

৫ মে কার্ল মার্কসের ২০৮ তম জন্মদিন পালিত হল মানকর কলেজের গেটে। এদিন ভারতের ছাত্র ফেডারেশন গলসী ১ লোকাল কমিটির পক্ষ থেকে মানকর কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মানকর কলেজের গেটে মার্কসের ছবিতে মাল্যদান করা হয়। একই সঙ্গে কাশ্মীরে নিহত পর্যটক ও জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে কর্মসূচী নেওয়া হয়। এরপর মানকর কলেজের গেটে কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে ও ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে গেটসভা ও পোস্টারিং করা হয়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, মার্কসবাদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃত্ববৃন্দ। মানকর কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে এ বিষয়ে মত বিনিময় করা হয়। উপস্থিত ছিলেন গলসী ১ লোকাল কমিটির সম্পাদক অনিরুদ্ধ কোলে, জেলা কমিটির সম্পাদক উষসী রায় চৌধুরী ও সভাপতি প্রবীর ভৌমিক।