স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ দপ্তরের প্রিপেড সিস্টেমের বিরোধিতা কংগ্রেসের II জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলার জবাব দিল ভারত II ভারতের প্রত্যাঘাতে খুশি রাজ্যে উচ্চমাধ্যমিকে প্রথম রূপায়ণ


1
স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুৎ দপ্তরের প্রিপেড সিস্টেমের বিরোধিতা কংগ্রেসের

স্মার্ট মিটার বসানোর মধ্যে দিয়ে বর্ধমান শহরজুড়ে প্রিপেড সিস্টেমে বিদ্যুতের বিল মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তর। এই স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে কোনো আপত্তি নেই বলেই জানিয়েছেন জাতীয় কংগ্রেসের জেলা নেতৃত্ব তথা চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রতি মাসে ইলেকট্রিক বিলের টাকা নেবে বিদ্যুৎ দপ্তর তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু মূল আপত্তির জায়গা হল প্রিপেড সিস্টেম অর্থাৎ প্রতিটি বাড়িতে বিদ্যুৎ খরচ হওয়ার আগেই গ্রাহককে বিদ্যুতের বিলের টাকা মিটিয়ে দিতে হবে। যা আমাদের মতো সমাজে সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত দুরূহ কাজ। এতে বিশেষ করে গরীব মানুষরা খুব সমস্যায় পড়বেন। শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দেব। আমাদের দাবি একটাই, বিদ্যুতের বিলের টাকা বিদ্যুৎ খরচার আগে নয় ,এতদিন যেমন বিদ্যুৎ খরচের পর সেই অর্থ দপ্তরের পক্ষ থেকে জমা নেওয়া হতো, সেই ব্যবস্থাই যেন কার্যকর থাকে।

2
জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলার জবাব দিল ভারত

অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা নটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের পহেলগাঁও হামলার জবাব দিল ভারতীয় সেনা বাহিনী। মিডিয়ায় সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী বুধবার রাত একটা পাঁচ মিনিট থেকে রাত দেড়টা পর্যন্ত অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে থাকা নটি জঙ্গি ঘাঁটির উপর ভারতীয় বায়ু সেনাবাহিনী হামলা চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় এই সমস্ত জঙ্গি ঘাঁটি। পায়েলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে বেছে বেছে হত্যা করার ঘটনার প্রায় ১৫ দিনের মাথায় ভারতীয় সেনাবাহিনীর এই প্রত্যাঘাত দেশবাসী প্রত্যেকে সমর্থন জানিয়েছেন। অপারেশন সিঁন্দুর সেনাবাহিনীর এই অব্যর্থ আক্রমণে এখন দিশাহারা অবস্থা পাকিস্তানের।

3
ভারতের প্রত্যাঘাতে খুশি রাজ্যে উচ্চমাধ্যমিকে প্রথম রূপায়ণ

৭ মে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফলের ভিত্তিতে এবার প্রথম স্থান অধিকার করেছে বর্ধমান শহরের সিএমএস স্কুলের ছাত্র রূপায়ণ পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৭। তার এই ফলাফলে অত্যন্ত খুশি রূপায়ণ। সে জানায়, আগামী দিনে চিকিৎসক হতে চায়। সেই লক্ষ্য নিয়েই জয়েন্টের জন্য পড়াশোনা করেছিল। এর পাশাপাশি বোর্ডের পরীক্ষার জন্য তার একটা প্রস্তুতি ছিল। রাজ্যে ইতিপূর্বে মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছিল রুপায়ণ। এবার তার সাফল্য আরও বেশি। তার এই সাফল্যে খুশি তার বাবা-মাও। তারা দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন। রুপায়ণ জানায়, বাবা-মা তাকে সবসময় সহযোগিতা করেছেন। এছাড়া বিদ্যালয় ও প্রাইভেট উভয় ক্ষেত্রেই শিক্ষকরা তাকে সর্বতোভাবে সাহায্য করেছেন। লেখাপড়ার পাশাপাশি গল্প বই পড়াটাও তার একটা নেশার মধ্যে ছিল। একটা সময় ক্রিকেট খেলতে ভালোবাসতো। ইদানিং লেখাপড়ার জন্য খেলাটা বন্ধ হয়ে গেছে। রূপায়ণ জানায়, পহেলগাঁওয়ে নিরীহ ২৬ জন পর্যটককে পাকিস্তানী সন্ত্রাসবাদীরা যেভাবে হত্যা করেছিল, তার প্রত্যাঘাত স্বরূপ ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তা দেশের প্রত্যেক মানুষের কাছে অত্যন্ত গর্বের। সে নিজেও এরজন্য গর্বিত। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের কাছে তার একটাই বার্তা সবাই যেন ভালোভাবে পড়াশোনা করে। নিজের সেরা বেল্টটা দেওয়ার চেষ্টা করে। তাহলেই তাদের সকলের পক্ষে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হবে। এদিন রুপায়ন পালকে অভিনন্দন জানাতে পৌঁছে যান বিধায়ক খোকন দাস। তিনিও বলেন, রুপায়ণ আমাদের গর্ব। মাধ্যমিকে যখন পঞ্চম স্থান অধিকার করেছিল তখনও তার কাছে এসে তাকে সম্বর্ধনা জানিয়েছিলাম। এবার সে রাজ্যে উচ্চমাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। আবারও তার কাছে এসে সম্বর্ধনা জানাতে পেরে ভালো লাগছে।