ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা যানের উদ্বোধন জামালপুরে


ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা যানের উদ্বোধন জামালপুরে

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবার গাড়ি দেওয়া হয়েছে। সেই গাড়িতে যেমন থাকবেন ডাক্তারবাবুরা, তেমনই থাকবে রক্ত পরীক্ষা, ইসিজি সহ নানান পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। ১১ ডিসেম্বর জামালপুর ব্লকে স্বাস্থ্য পরিষেবার জন্য যে চলমান গাড়ি দেওয়া হয়েছে তার উদ্বোধন করা হলো। জামালপুরের পাঁচড়া অঞ্চলে কিষানমান্ডির সন্নিকটে এই উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্খ শুভ্র দাস, প্রধান বিকাশ পাকড়ে, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস সহ অন্যান্যরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, পূর্ব বর্ধমান জেলা ১৪ টি গাড়ি পেয়েছে। তারমধ্যে জামালপুর যেহেতু বড় ব্লক তাই জামালপুরে ভ্রাম্যমাণ চিকিৎসার জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে। প্রতিটি পঞ্চায়েতে এই গাড়ি নিয়ে ক্যাম্প করার নির্দেশ আছে। তিনি বলেন, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে যে চিকিৎসা পরিষেবা মানুষ পাচ্ছেন সেটা চালু থাকবে। তার সঙ্গে যে সমস্ত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসতে পারছেন না, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পঞ্চায়েত এলাকাতেই ক্যাম্প করা হবে। বিডিও সাহেব ও স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে তাঁরা ক্যাম্প করার সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, আজকে মসাগ্রাম অঞ্চলে ক্যাম্পের কাজ শুরু করা হলো। এই চলমান গাড়িতে একজন ডাক্তারবাবু থাকবেন, থাকবেন একজন অপটিমিস্ট, প্যাথোলজিস্ট, সঙ্গে আশাকর্মীরা থাকবেন। এখানে ওষুধ দেওয়ারও ব্যবস্থা থাকবে। বিডিও পার্থসারথী দে বলেন, তাঁর ব্লকে একটি ভ্রাম্যমাণ চিকিৎসার গাড়ি পাওয়া গেছে। প্রত্যন্ত গ্রামের যে এলাকাগুলি থেকে মানুষ ঠিক ভাবে স্বাস্থ্য পরিষেবা নিতে আসতে পারেন না, সেই অঞ্চল গুলিকে প্রাধান্য দেওয়া হবে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যের মূখ্যমন্ত্রী যেমন বলেছিলেন সেই অনুযায়ী এই ভ্রাম্যমাণ চিকিৎসা যানের ব্যবস্থা করেছেন। তাঁর বিধানসভা এলাকায় একটি গাড়ি পাওয়া গেছে। তিনি বলেন, রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেহেমুদ খান জামালপুর ব্লককে চিকিৎসার প্রয়োজনে এই ধরনের একটি ভ্রাম্যমাণ গাড়ি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানান। তিনি বলেন, ভারতের বুকে সম্ভবত এই প্রথম এরকম স্বাস্থ্য পরিষেবা চালু হলো। এতে জামালপুর ব্লকের মানুষ ভীষণ ভাবে উপকৃত হবেন।