ক্রেডিট ফাউন্ডেশনের সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট
শীতকালীন খেলা হিসেবে যে খেলাগুলি অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে ক্রিকেটের পরেই ব্যাডমিন্টন অন্যতম। আর শীত আসলেই তাই ক্রিকেট ব্যাট আর ব্যাডমিন্টন র্যাকেট হাতে অনেককেই ক্রিকেট মাঠ এবং ব্যাডমিন্টন কোর্ট দাপিয়ে বেড়াতে দেখা যায়। এই দুটি খেলাকে কেন্দ্র করে এই সময় মেতে ওঠেন খেলোয়াড় থেকে শুরু করে খেলার মাঠে আগত দর্শকরা সকলেই। এবার সেই ব্যাডমিন্টনকে কেন্দ্র করে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমানে। ক্রেডিট ফাউন্ডেশন-এর সহযোগিতায় এবং ব্যাডমিন্টন ইনফিনিটি-র উদ্যোগে সিনিয়র ডাবলস টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় বর্ধমান শহরের পার্শ্ববর্তী এলাকার ১১ টি টিম এবং শহরের ভিতরে শাঁখারীপুকুর অ্যাথলেটিক ক্লাবের একটি টিম অংশগ্রহণ করে। মোট বারোটি টিমকে নিয়ে এই প্রতিযোগিতা জমে ওঠে। এই খেলায় উইনার্স হয় সৌভিক ও অর্ণবের টিম, আর রানার্স হয় অমর্ত্য ও বিশ্বজিতের টিম। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিযোগিতায় উইনার্স টিমকে উইনার ট্রফি ও ক্যাশ প্রদান করা হয়েছে। একইভাবে রানার্স টিমকেও রানার্স ট্রফি ও ক্যাশ দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি টিমের খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে এই ধরনের প্রতিযোগিতাকে সফল করে তোলার জন্য ক্রেডিট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয়। ভবিষ্যতে এই খেলা যাতে আরও এখানে শ্রীবৃদ্ধি লাভ করে সেই আশা প্রকাশ করা হয়। তৃণমূলস্তর থেকে উঠে আসা খেলোয়াড়দের কাছে এই ধরনের প্রতিযোগিতা একটি বড় প্রাপ্তি বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। আগামী দিনে তাই এই প্রতিযোগিতা আয়োজনে তারা আবারও উদ্যোগ নেবেন বলে জানা গেছে।


