ভাতারের সভায় অভিষেক, বিজেপির প্রার্থী সাপ্লাই দিয়েছে সিপিআইএম


ভাতারের সভায় অভিষেক, বিজেপির প্রার্থী সাপ্লাই দিয়েছে সিপিআইএম

জেলার ভাতার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোঁয়ারের সমর্থনে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। জেলার ভাতার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আলিনগর স্টেডিয়ামে আয়োজিত এই সভায় তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। এই সভামঞ্চ থেকে অভিষেক অভিযোগ করেন, ভাতারে বিজেপির প্রার্থীকে সিপিআইএম থেকে “সাপ্লাই” দেওয়া হয়েছে। তিনি বলেন, বিজেপিকে ভোট দেওয়া মানে অতীতের সন্ত্রাসের রাজনীতিকে ফিরিয়ে আনা। ভোটারদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে ভোট দেওয়া উচিত। এক্ষেত্রে নিজের এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে ভোটারদের।
এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী। এছাড়াও ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল এবং বিদায়ী বিধায়ক মানগোবিন্দ অধিকারীও সভায় যোগ দেন।
তৃণমূল প্রার্থী শান্তনু কোঁয়ার তাঁর বক্তব্যে বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে বার্তা দিয়েছেন, তা মেনে চলেই তারা মানুষের কাছে পৌঁছবেন। তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচন বাঙালির সম্মানের লড়াই।
সভাস্থলে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মঞ্চের সামনে উপচে পড়া ভিড়ের পাশাপাশি হেলিপ্যাড এলাকাতেও বহু মানুষ ভিড় জমান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক নজরে দেখার জন্য। এলাকা জুড়ে প্রশাসনের নজরদারিও ছিল যথেষ্টই কড়া।
প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই বিকেল পাঁচটা নাগাদ শান্তিপূর্ণভাবে শেষ হয় এই রাজনৈতিক সভা।