1
বস্তিবাসী ভাইবোনদের নিয়ে ভাইফোঁটার আয়োজন বিপিসিসি-র
সুস্বাস্থ্য, সুমন, আনুগত্য, দৃঢ়তা এই ভাবনাকে সাথী করে প্রতিবছরের মতো এ বছরও বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার-এর উদ্যোগে বস্তিবাসী ভাইবোনদের নিয়ে ভ্রাতৃদ্বিতীয়ার আয়োজন করা হয়। এ প্রসঙ্গে বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টারের সম্পাদক গৌতম মজুমদার বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল শিশু ভাইবোনদের সঙ্গে নিয়ে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উপলক্ষ্যে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বস্তিবাসী বোনেরা সেখানকার ভাইদের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দেয়। এরপর ভাই-বোন সকলে পাশাপাশি বসে মিষ্টিমুখ করে। গৌতম মজুমদার বলেন, বহু বছর ধরে এইভাবেই উৎসব ময়দানের পার্শ্ববর্তী বস্তির শিশু-ভাই বোনদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে চলেছি। ভাই-বোনের নিবিড় সম্পর্ককে মর্যাদা দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন।
2
ঘরে ঘরে পালিত হল ভ্রাতৃদ্বিতীয়া
বাঙালির পারিবারিক উৎসবের অন্যতম একটি অঙ্গ হল ভ্রাতৃদ্বিতীয়া। লক্ষ্মী ও সরস্বতী পুজোর আয়োজন যেমন বাঙালির ঘরে ঘরে করা হয়ে থাকে, ঠিক তেমনই ভ্রাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানটাও বাংলার প্রতিটি পরিবারেই পালিত হয়। এই দিন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাদের মঙ্গল কামনায় বোনেরা বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পরলো কাঁটা। অর্থাৎ ভাইয়ের দীর্ঘজীবন কামনা করা হয় এই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে। এরপর ভাইদের মিষ্টিমুখ করানো ও তাদের হাতে কিছু উপহার তুলে দেন বোনেরা। ভাইয়েরাও বোনেদের আশীর্বাদ করেন। বোনেদের হাতে তারাও তুলে দেন উপহার সামগ্রী। আর এই অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে বাংলার ঘরে ঘরে ভাইবোনের যে নিবিড় সম্পর্ক তা যেন আরও দৃঢ় হয়ে ওঠে।


