1
খণ্ডঘোষের বেড়ুগ্রামে সম্প্রীতির ভাইফোঁটা
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রামে স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মুসলিম ভাইদের কপালে ফোঁটা দেন হিন্দু বোনেরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সম্প্রীতির বাতাবরণ গড়ে ওঠে এখানে। হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষরাই এই অনুষ্ঠানে অংশ নেন। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, এখানে ভাইফোঁটার মতো পবিত্র উৎসবকে কেন্দ্র করে যে মিলনের পরিবেশ তৈরি হয়েছে, সেটাই আমাদের ভারত তথা এই বাংলার সনাতন ঐতিহ্য। এই ঐতিহ্যের বন্ধন আরও দৃঢ় হোক। সব সম্প্রদায়, সব ধর্ম, সব শ্রেণীর মানুষ উৎসবের আনন্দে মেতে উঠুন। সেটাই চেয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে দিদি ও বোনেরা যেমন ভাইদের কপালে ফোঁটা দেন, তেমনই ভাইরাও বোনেদের আশীর্বাদ করেন। মিষ্টিমুখ করানো হয় ভাইদের। বোনেদের হাতে উপহার তুলে দেন ভাইরা।
2
২৯ নম্বর ওয়ার্ডে গোঁসাই কালীবাড়িতে ভোগ বিতরণ
বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডে গোঁসাই কালীবাড়িতে বৃহস্পতিবার পোলাও ভোগ প্রদানের আয়োজন করা হয়। এই অন্ন ভোগ গ্রহণে অংশ নেন মিঠাপুকুর নারকেল বাগান সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষজন। উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক প্রমুখ। তারা দুজনেই এদিন আগত ভক্তদের নিজের হাতে ভোগ বিতরণ করেন। উজ্জ্বল প্রামাণিক বলেন, এই ধরনের একটি সামাজিক কাজে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এই অন্ন ভোগ প্রদানকে কেন্দ্র করে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সুশান্ত প্রামাণিক বলেন, এই মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের ভোগ বিতরণ কাজে অংশ নিতে পেরে মানসিকভাবে খুব তৃপ্তি অনুভব করছি। স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন অনেকেই উপস্থিত হয়েছেন। সকলের উপস্থিতি এখানকার পরিবেশকে এক মিলন উৎসবের রূপ দিয়েছে।


