বর্ধমান বইমেলায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় II তৃতীয় বর্ষ নীলপুর যুব উৎসব শুরু ১২ জানুয়ারি

1
বর্ধমান বইমেলায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়

বর্ধমান উৎসব ময়দানে বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৭তম বর্ধমান বইমেলা শুরু হলো ১০ জানুয়ারি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই বইমেলাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশন বই পড়া ও স্কুল লাইব্রেরি সমৃদ্ধ করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বেসরকারি ব্যতিত রাজ্যের যে কোনো প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলির ন্যূনতম ২০ জন ছাত্রছাত্রী এবং একজন শিক্ষক মেলায় এসে স্কুলের লাইব্রেরির জন্য বই কিনলে, মোট খরচের উপর ২৫ শতাংশ অতিরিক্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। যা সর্বাধিক ১,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ছাত্রছাত্রীরা ব্যক্তিগতভাবে বই কিনলে, ২৫ শতাংশ অতিরিক্ত ভর্তুকি পাবে। যা মাথাপিছু সর্বাধিক ৫০ টাকা পর্যন্ত হতে পারে। স্টলে প্রদেয় ছাড়ের পর এই ভর্তুকি মিলবে। এই প্রকল্পকে উৎসাহ দিতে এর আওতায় অংশগ্রহণকারী শিক্ষক ও ছাত্রছাত্রীদের মেলায় প্রবেশ মূল্যে সম্পূর্ণ মুকুব করার ব্যবস্থাও হয়েছে বলে জানান মেলার অন্যতম আয়োজক নিরুপম চৌধুরী । স্কুল কর্তৃপক্ষ বই কেনার পর মেলার মাঠে স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রতিনিধির হাতে বিল জমা দিলে, ভর্তুকি অর্থ সরাসরি স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৎক্ষণাৎ প্রদান করা হবে বলে জানান সংস্থার মুখ্য কার্যনিবাহি কর্তা সন্দীপন সরকার। তিনি বলেন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিল জমা দেওয়ার পর নগদে ভর্তুকি প্রদান করা হবে তৎক্ষণাৎ। সাহিত্য শিক্ষামূলক সহ সকল নতুন এবং পুরানো বই কেনা যাবে এই প্রকল্পের অধীনে। এই সুবিধা পাওয়ার জন্য স্কুলগুলোকে শুধুমাত্র ১১ এবং ১২ জানুয়ারি দুপুর ১টা থেকে ৩টের মধ্যে বর্ধমান বইমেলার মাঠে উপস্থিত হতে হবে। স্কুল কর্তৃপক্ষকে স্টার্ট আপ ফাউন্ডেশনের প্রকল্প আধিকারিকের কাছে আবেদন জমা দিয়ে এহেন সুবিধা নিতে
হবে। এই প্রকল্প কার্যকর করতে সংস্থার এক প্রতিনিধি মেলার মাঠে উপস্থিত থাকবেন, যার সহায়তা ফোন নং ৮২৫০৯৮৭০৭০

2
তৃতীয় বর্ষ নীলপুর যুব উৎসব শুরু ১২ জানুয়ারি

বর্ধমানের ছোটনীলপুর জাগরণী সংঘের ফুটবল মাঠে আগামী ১২ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয় বর্ষ নীলপুর যুব উৎসব ২০২৫। এই উৎসব চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নীলপুর যুব উৎসবের অন্যতম উদ্যোক্তা বর্ধমান ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার বলেন, প্রতিবছরই স্বামী বিবেকানন্দের জন্মদিন ১২ই জানুয়ারিকে কেন্দ্র করে এই উৎসব অনুষ্ঠিত হয়। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হল খাদ্যমেলা। বিভিন্ন নামীদামী কোম্পানির স্টল খাদ্য মেলায় থাকবে। থাকবে স্থানীয় বিক্রেতাদের স্টলও। রাসবিহারী জানান, খাদ্য মেলায় প্রতিদিন সন্ধ্যায় থাকবে নামীদামী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি জানান, এবার এই নীলপুর যুব উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বিবেকানন্দ মহাবিদ্যালয়ে। যেখানে 1300 প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তিনি বলেন, এই ভাবেই নীলপুর যুব উৎসব ক্রমশ শহরবাসীর কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।