
বর্ধমানে ‘মন কি বাত’ শ্রবণ, অভিষেক-কাণ্ডে তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার, খোকনকে নিয়েও মন্তব্য
বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসকে পাগলা কুকুর বলে আখ্যা সুকান্ত মজুমদারের। খোকনের গ্ৰেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, ওতো গুন্ডা। মোগলসড়াই থেকে গ্ৰেফতার হয়েছে শুনলাম। ওখানে গিয়েছিল গঙ্গাস্নান করতে, পাপ করেছে পুণ্য করতে গিয়েছিল। পুলিশ যদি তুলে আনে ভালো। এনে জেলের ভেতর রাখা উচিত। বাইরে ঘুরে বেড়ালেই মুশকিল। এরা হচ্ছে পাগলা কুকুরের মতো। কখন কাকে কামড়াবে ঠিক নেই। তিনি বলেন,বর্ধমানের মালিক হয়ে গিয়েছিল খোকন দাস। বর্ধমানের ঐতিহ্যবাহী কার্জন গেট খোকন দাস কিনে নিয়েছে বলে কটাক্ষও করেন তিনি। এই কদিনে প্রচুর টাকার মালিক হয়ে গেছে খোকন দাস।
রবিবার বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৪ তম পর্ব উপলক্ষ্যে বিশেষ শ্রবণ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা ও সমাজগঠনের বিভিন্ন বিষয় নিয়ে তার বার্তাকে স্বাগত জানান।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র , বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা-সহ জেলার অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি নিয়ে সরব হন সুকান্ত মজুমদার। শনিবার অভিষেক ব্যানার্জী-র উপর ডিম নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে তিনি দাবি করেন, ঘটনার প্রকৃত চিত্র ধীরে ধীরে সামনে আসছে। তাঁর বক্তব্য, “পুলিশ ইতিমধ্যেই ছয়জনকে গ্রেপ্তার করেছে। কিন্তু যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, যারা এতদিন তৃণমূল করত, তারা হঠাৎ কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের প্রতিবাদে নামল ? এই প্রশ্নের উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-কেই দিতে হবে”।


