
বর্ধমানে গ্রেপ্তার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা
এবার অস্ত্র নিয়ে হামলা,খুনের চেষ্টা, তোলাবাজি, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতরা হলেন মানস ভট্টাচার্য এবং শেখ জামাল।
বর্ধমান ১ ব্লকের ব্লক তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য, অন্যদিকে রায়ান ১অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ জামাল। সোমবার ধৃত দুই নেতাকে বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান থানার পুলিশ।
আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ধৃত দুই নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা দাবি করেন, কী কারণে তাদের আটক বা গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না।
অন্যদিকে, পুলিশ সূত্রের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই গ্রেপ্তারি হয়েছে। এই ঘটনাকে ঘিরে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।


