একসময় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন, আজ তিনি রাজ্যের প্রতিমন্ত্রী



একসময় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালাতেন, আজ তিনি রাজ্যের প্রতিমন্ত্রী

জেলার আউশগ্রাম বিধানসভার জঙ্গলমহল এলাকায় সর্বপ্রথম পরিচারিকা থেকে রাজ্যের প্রতিমন্ত্রী হলেন আউশগ্রামের বিধায়িকা কলিতা মাঝি।
যিনি এক সময় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের সংসার চালাতেন। সৎ, সাহসী ও জেদী স্বভাবের লড়াকু মহিলা বিজেপিতে যোগদানের পর থেকেই তার জীবন ছিল কঠিন লড়াইয়ের। ২০২১ সালের নির্বাচনে অল্প ব্যবধানে তৃণমূলের কাছে পরাজিত হলেও হাল ছাড়েননি তিনি। তৃণমূলের অত্যাচার, শাসন, চোখ রাঙানি, বহু ক্ষয়ক্ষতি সহ্য করেও রাজনীতির ময়দানে তিনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।
অভাবের মাঝেও তিনি বিজেপির নীচুতলার সক্রিয় কর্মী হিসাবে যুক্ত ছিলেন। দল তাকে আউশগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় এবং তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। প্রথমবার বিধায়িকা নির্বাচিত হন। ১ জুন রাজভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
তার এই পরিচারিকা থেকে সোজা রাজ্যের মন্ত্রীসভায় উঠে আসার খবর পেয়েই পাড়া-প্রতিবেশীর চোখ টিভির পর্দায়। আবীর খেলার আনন্দে মেতে ওঠেন আউশগ্রামের মানুষ। গুসকরা শহর জুড়ে পথচারী থেকে সাধারণ মানুষকে খুশির মেজাজে লাড্ডু বিতরণ করা হয়।
প্রতিবেশীরা আনন্দে আত্মহারা হয়ে জানাচ্ছেন, দিদি আমাদের আগে যেমন ছিল পাড়ার দিদি, এখনূ তেমনই আছেন। আর আমরা দিদির সেই ভাই। দিদি আমাদের কাছে আলাদা কিছু নয়। দিদি মন্ত্রী হওয়ায় আমরা সকলেই খুব খুশি।